চলতি মাসের ১১ তারিখ মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্র। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। ছবি মুক্তির বিষয়টি টকিজকে নিশ্চিত করেছেন নির্মাতা।

সরকারি অনুদান ও গণ-অর্থায়নে নির্মিত এ ছবির প্রিমিয়ার শো হওয়ার কথা ছিল ২৬ মার্চ। কিন্তু করোনার জন্য তা বাতিল করা হয়। ১০ ডিসেম্বর প্রিমিয়ারের পর ১১ ডিসেম্বর ছবিটির প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।

একজন বামপন্থী বিপ্লবীর জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি। ছবিতে ত্রিশ দশকের স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে ছবিটিতে তুলে ধরা হয়েছে।


চলচ্চিত্রে বামপন্থী নেতার বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, জাহিদ হাসান, শোভন ও তওসিফ সাদমান তূর্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু, মিলি বাশার, শ্যামল বিশ্বাসসহ আরো অনেকে।

এদিকে ‘রূপসা নদীর বাঁকে’ ভারতের গোয়াতে অনুষ্ঠেয় ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’-তে আমন্ত্রণ পেয়েছে। আগামী ১৬-২৪ জানুয়ারি অনুষ্ঠেয় ৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি ওয়ার্ল্ড প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে।