ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকের কেন্দ্রবিন্দু হয়েছিল এক মাসের বেশি সময়। এখনো শাকিব ভক্তরা সিনেমাটি দেখছেন। দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশেও সিনেমাটি সাড়া ফেলেছে। এরই মাঝে জানা গেল ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিং হতে যাচ্ছে সিনেমাটি। ওটিটি প্লাটফর্ম বায়স্কোপে উন্মুক্ত হবে এটি। এরই মধ্য প্রতিষ্ঠানটি প্রচারণাও শুরু করেছে। বায়স্কোপের অফিশিয়াল ফেসবুক পেজে প্রিয়তমার পোস্টারের একটি আর্টওয়ার্ক পোস্ট করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ‘আবারো ফিরে আসছে সবার প্রিয় অভিনেতা!’

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফ। কবে নাগাদ ওটিটিতে আসছে প্রিয়তমা, এমন প্রশ্নের জবাবে এ নির্মাতা বলেন, ‘সিনেমাটি বায়স্কোপে মুক্তি পাচ্ছে শিগগিরই।’ ঈদে ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির সপ্তম সপ্তাহে এসেও সিনেমাটি আলোচিত। এর টিজার, গান ও শাকিবের নতুন লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে আগ্রহ ছিল। মুক্তির প্রথম দিনই সিনেমা হলে দাপট দেখিয়েছিল এ সিনেমা। ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে সিনেমাটি মুক্তির কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা।

প্রয়াত ফারুক হোসেনের গল্পে প্রিয়তমা সিনেমায় ইধিকা পাল অভিনয় করেছেন ইতি চরিত্রে। তার বিপরীতে সুমন চরিত্রে শাকিব খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন, শহীদ উন নবীসহ আরো অনেকে। গত ১১ মে পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শুরু হয়। অন্যদিকে, হিমেল আশরাফ নির্মিত দ্বিতীয় সিনেমা প্রিয়তমা। পরিচালক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৭ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা সুলতানা বিবিয়ানা।