ভাগ্য বদলাতে যাচ্ছে ডিসি স্টুডিওর? হতেও পারে। কেননা জেমস গানের সুপারম্যান সেই আভাস দিচ্ছে। সিনেমাটি মুক্তির পর ওপেনিংয়ে আয় করেছে ৫ কোটি ৬৫ লাখ ডলার। এর মধ্যে প্রিভিউ স্ক্রিনিংয়ের আয়ও রয়েছে। সিনেমাটি মোট ৪ হাজার ১৩৫টি থিয়েটারে মুক্তি পেয়েছে। এর মাধ্যমে এ সিনেমা পরিণত হলো বছরের দ্বিতীয় সেরায়। ওপেনিংয়ে সুপারম্যানের চেয়ে বেশি আয় করেছে ‘এ মাইনক্র্যাফট মুভি’। এর আয় ছিল ৫ কোটি ৭১ লাখ ডলার।

তবে এখানে উল্লেখ করা ভালো যে সুপারম্যান মঙ্গলবার অ্যামাজন প্রাইমের দর্শকের জন্য একটি বিশেষ প্রদর্শনীর মাধ্যমেও বেশ ভালো আয় করেছে।

প্রশ্ন থাকে, সিনেমাটি প্রথম সপ্তাহে কত আয় করতে পারে? সিনেমা মুক্তির আগে বক্স অফিস বিশ্লেষকরা জানিয়েছিলেন, এটি প্রথম সপ্তাহে আয় করতে পারে ১০ কোটি ডলার। কিন্তু এরপর আবার পূর্বাভাস বদলে জানানো হয় সিনেমাটির পক্ষে ১৪ কোটি ডলার আয় করা সম্ভব। তবে ততটা না হলেও সুপারম্যান প্রথম সপ্তাহে ১২ কোটি ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে।

হলিউডে সিনেমার আয় এখন কেবল বেশি দর্শকের ওপর নির্ভর করে না। আরো কিছু বিষয় থাকে যার ওপর নির্ভর করে। যেমন কিছু সিনেমার বিশেষ টিকিট থাকে। বেশি দামের এসব টিকিটকে লাক্সারি টিকিট বলা হয়। আইম্যাক্স ও প্রিমিয়াম টিকিটের দর্শকের সংখ্যা ক্রমে বাড়ছে এবং এ অংশ থেকে সিনেমাগুলো ভালো আয় করে থাকে।

সুপারম্যানের বাজেট ছিল ২২ কোটি ৫০ লাখ ডলার। প্রথম সপ্তাহে ১০ কোটি ডলার আয়ের মাধ্যমে বাজেটের প্রায় অর্ধেক তুলে নেয়া সম্ভব হবে।

সুপারম্যানের জন্য এ আয় সন্তোষজনক। সেই সঙ্গে ওয়ার্নার ব্রোস ও ডিসি স্টুডিওর ক্ষেত্রেও। এ বছর ওয়ার্নার ব্রোস শুরুতেই এ মাইনক্র্যাফট মুভি দিয়ে ভালো আয় করেছে। তবে সুপারম্যানের কাছে ওয়ার্নার ব্রোসের আশা আরো বেশি। ডিসি ইউনিভার্সের এ নতুন সিনেমা ডিসিকে নতুন করে এগিয়ে নেবে এমনটাই সবার আশা। তবে সেখানেও কিছু কথা আছে।

সিনেমাটির ওপেনিংয়ে স্বাভাবিকভাবেই ভক্তরা অতি আগ্রহী হয়ে সিনেমা দেখতে গেছে। কমিক বুক, সুপারহিরো বা ফ্র্যাঞ্চাইজি সিনেমার ক্ষেত্রে এসব ঘটনা ঘটে থাকে। কিন্তু সিনেমাগুলো সবসময় শেষ পর্যন্ত আয় ধরে রাখতে পারে না। সুপারম্যানের ক্ষেত্রে তা সম্ভব হবে কিনা, এ নিয়ে একটা সন্দেহ থাকছে।

সিনেমাটি নিয়ে বিশ্বের দর্শকের আগ্রহ থাকে, কিন্তু এবারের এ সিনেমা নিয়ে মুক্তির আগেই একটা বিতর্ক উঠেছে। সব ঠিকই ছিল, কিন্তু মুক্তির অল্পদিন আগে জেমস গান বলে বসেন, ‘সুপারম্যান একজন অভিবাসী। তিনি ভিন গ্রহ থেকে পৃথিবীতে এসেছেন।’

মূলত বর্তমান বিশ্বে মানুষের দয়ামায়া কমে যাওয়া নিয়ে কথাটি বলেছেন গান। সারা বিশ্বেই চলছে অভিবাসী সংকট। এর মধ্যে সুপারম্যানকে অভিবাসী হিসেবে উপস্থাপন করে তিনি মানুষের সহমর্মিতার অভাবের বিষয়টিকে চিহ্নিত করার কথা বলেছেন। কিন্তু এতে ক্ষেপে গেছে অনেক দর্শক। এছাড়া সিনেমাটিকে খুব বেশি ভালো বলতে নারাজ এক শ্রেণীর দর্শক। আবার জ্যাক স্নাইডারের ভক্তরা সবসময়ই ডিসির সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করে থাকে।

সূত্র: ভ্যারাইটি ও ডেডলাইন