হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলকের
সঙ্গী ফটোগ্রাফার ব্রায়ান র্যান্ডাল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
পরিবারের বরাত দিয়ে বিবিসি জানায়, তিন
বছর আগে ব্রায়ানের অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা এএলএস রোগ ধরা পড়ে।
এক বিবৃতিতে র্যান্ডালের পরিবারের
পক্ষ থেকে ‘অক্লান্ত সেবা’ দেয়ায় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
ব্রায়ানের শেষ দিনগুলোতে ‘বিস্ময়করভাবে’
যত্ন নেয়ার জন্য প্রশংসা করেন স্যান্ড্রা বুলকের বোন গেসিন বুলক-প্রাডো।
মডেল ফটোগ্রাফার হিসেবে ব্রায়ান র্যান্ডালের
পরিচিতি রয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে তিনি স্যান্ড্রার ছেলে লুইয়ের জন্মদিনে ছবি তোলেন।
ওই দিনই তাদের প্রথম দেখা। একই বছরে হলিউড জুটি জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্সের
বিয়েতে উপস্থিত হয়ে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন স্যান্ড্রা ও ব্রায়ান।
স্পিড, গ্র্যাভিটি ও মিস কনজেনিয়ালিটির
মতো চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত স্যান্ড্রা বুলক। ‘দ্য ব্লাইন্ড সাইড’ সিনেমার জন্য
২০১০ তিনি সেরা অভিনেত্রীর অস্কার জেতেন।
এএলএস নিরায়মযোগ্য নয়। এ রোগে মস্তিষ্ক
ও মেরুদণ্ডের স্নায়ু কোষের মৃত্যুর ঘটায় পেশির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রোগী।
এতে বাহু বা পায়ের পেশিতে ঝাঁকুনি ও দুর্বলতা, গিলতে বা কথাবর্তায় সমস্যা হয়। শ্বাস
নেয়ার ক্ষমতাকেও প্রভাবিত করে এএলএস। বেশিরভাগ ক্ষেত্রে রোগ নির্ণয়ের দুই বছরের মধ্যে
আক্রান্ত ব্যক্তি মারা যান।
এএলএসের সঠিক কারণ এখনো জানা যায়নি।
কিছু রোগীর ক্ষেত্রে পূর্বসুরীদের আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে।










