সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল এ বছর ৭০তম আসর নিয়ে আসছে। প্রাথমিকভাবে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এ আসরের ১২টি চলচ্চিত্রের নাম জানিয়েছে। এর মধ্যে সাতটি ফিচার ফিল্ম ও পাঁচটি তথ্যচিত্র। চলচ্চিত্র উৎসবের পরিচালক নাশেন মুডলি বলেন, ‘২০২৩ সালে এ আয়োজনের উত্তরাধিকারটি আমরা বিস্তৃত করব। এখানে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও শক্তিশালী পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে দর্শকদের মধ্যে নতুন দৃষ্টিকোণ তৈরি করবে।’
গত ৬৯টি আসরে সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল এক হাজারেরও বেশি চলচ্চিত্র প্রদর্শন করেছে। এ বছরের পাঁচটি তথ্যচিত্রের মধ্যে আছে অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘র্যাচেলস ফার্ম’। এ চলচ্চিত্রে অভিনেতা-পরিচালক র্যাচেল ওয়ার্ড তার বিফ ফার্ম থেকে কীভাবে দীর্ঘস্থায়ী খামার তৈরি করেন, সে গল্প বলা হয়েছে। এতে তার কাজ ও অস্ট্রেলিয়ার খামার শিল্পের বেশকিছু বিস্তারিত বিষয় এসেছে। আরেকটি কৌতূহলোদ্দীপক তথ্যচিত্র ‘দ্য লাস্ট ডটার’। এ তথ্যচিত্রে ব্রেন্ডা ম্যাথিউস নামে এক নারী তার পরিবার নিয়ে সরকারের সঙ্গে লড়াই করে যায়। ওয়ার্ড ও ম্যাথিউস উভয়ই সিডনি চলচ্চিত্র উৎসবে সশরীরে অংশগ্রহণ করবেন।
ফিচার ফিল্মের মতো করে উপস্থাপন হয়েছে ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্রাস’। এটি মূলত বাস্তবনিষ্ঠ একটি ঘটনা, যাকে গল্পের মতো উপস্থাপন করা হয়েছে। একটি রাগবি গ্রুপের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্রাস ব্যান্ডের গল্প। রাগবি বিশ্বকাপের সময় কীভাবে দল ও ব্যান্ড যুক্ত হয়, সে গল্প নিয়ে তথ্যটিত্রটি। এ তথ্যচিত্রের এক্সিকিউটিভ প্রডিউসার মার্ভেলের থর পরিচালক টাইকা ওয়াইটিটি। পরিচালক ডেমন ফেপুলিয়া।
শুরুর দিকে নির্বাচন করা এ সিনেমাগুলোর মধ্যে অন্যান্য আন্তর্জাতিক উৎসব থেকেও সিনেমা নেয়া হয়। যেমন এবার সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে নেয়া হয়েছে জাফর পানাহির ‘ নো বিয়ারস’। চলচ্চিত্রটি ভেনিসে প্রদর্শন হয়েছিল। এছাড়া আছে ক্রিস্টিয়ান পেজল্ডের ‘অ্যাফায়ার’। সিনেমাটি বার্লিনে প্রদর্শিত হয়েছিল।
তথ্যচিত্রের মধ্যে আরো থাকছে ‘ববি ওয়াইন: দ্য পিপল’স প্রেসিডেন্ট’ ও ‘সাবজেক্ট’। এছাড়া আছে ভারতীয় নির্মাতা বিনয় শুক্লার ‘ হোয়াইল উই ওয়াচড’। এ চলচ্চিত্রে একজন সাংবাদিককে সরকারের দ্বারা ঘটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখা যায়। সাংবাদিকের প্রতিদিনের জীবনের ঘটনাবলি এ চলচ্চিত্রে এসেছে। ফিচার ফিল্ম বিভাগে থাকছে ‘আ কাপল’। ফিচার হলেও সিনেমাটি নির্মাণ করেছেন বিখ্যাত তথ্যচিত্র নির্মাতা ফ্রেডরিক ওয়াইজম্যান। এছাড়া থাকছে অ্যানিমেশন ‘ব্লাইন্ড উইলো, স্লিপিং ওম্যান’, এমানুয়েল ক্রাইলেসের ‘ল’ইমেনসিতা’ ও লভ ডায়াজের ‘ হোয়েন দ্য ওয়েভস আর গন’।
সিডনির এবারের চলচ্চিত্রোৎসব অনুষ্ঠিত হবে আগামী জুনে। আগামী ৭ জুন থেকে উৎসব চলবে ১৮ জুন পর্যন্ত। এ আসরে মোট ২০০ চলচ্চিত্রের প্রদর্শনী হওয়ার কথা। পূর্ণাঙ্গ তালিকা আগামী ১০ মে ঘোষণা হবে।
সূত্র: ভ্যারাইটি










