হলিউডের কাছে আরেক দফা কোনঠাসা হলো
বলিউড। প্রথম দিনের বক্স অফিস হিসাবে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ থেকে পিছিয়ে
থাকল করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
সারা বিশ্বের হলিউডপ্রেমী গত সপ্তাহ
খানেকর ধরে ‘বার্বি’ ও ‘ওপেনহাইমার’ নিয়ে মাতোয়ারা। সেই জোয়ারে কাঁপছ ভারতও। আর তখনই
পূর্ব ঘোষণা অনুসারে হাজির হলো রকি ও রানির প্রেম কাহিনি।
একদিনের হিসাবে পিছিয়ে থাকলেও আলিয়া
ভাট ও রণবীর সিং অভিনীত ছবিটি ব্লকবাস্টার হবে বলে প্রত্যাশা ভক্তদের। তরণ আদর্শের
মতো সিনে বিশ্লেষকদের কাছ থেকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ পেয়েছে ভালো রেটিং।
প্রথম দিনে ভারতে করণ জোহরের ছবিটির
সংগ্রহ সাড়ে ১১ কোটি রুপি। অবশ্য বিশ্বের অন্যান্য জায়গায় গ্রেটা গেরউইগের ‘বার্বি’
ঝড় চললেও দ্বিতীয় সপ্তাহের শুরুতে ভারতে কিছুটা স্তিমিত হয়ে গেছে ঝড়। তাই এখন রকি-রানির
একমাত্র প্রতিদ্বন্দ্বী পারমাণবিক বোমা নির্মাতা ওপেনহাইমার।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক জানিয়েছে,
গতকাল শুক্রবার (২৯ জুলাই) মুক্তির প্রথম দিনে সিনেমাহলে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র
আয় ছিল সাড়ে ১১ কোটি রুপি। আর গত ২২ জুলাই মুক্তির প্রথম দিনে নোলানটি ভারতে সাড়ে ১৪
কোটি রুপি দিয়ে যাত্রা করে।
তবে বলিউডের হিসেবে ‘রকি অউর রানি কি
প্রেম কাহানি’ চলতি বছরে পঞ্চম সর্বোচ্চ ওপেনার। আগের চারটি হলো পাঠান (৫৭ কোটি রুপি),
আদিপুরুষ (৩৬ কোটি), কিসি কা ভাই কিসি কি জান (১৫ কোটি ৮১ লাখ) ও তু ঝুটি ম্যায় মাক্কার
(১৫ কোটি ৭৩ লাখ রুপি)।










