বলিউডে এখনো চলছে সাইয়ারার ঝড়। অজয় দেবগনের ‘সান অব সর্দার টু’ ম্লান হয়ে গেছে সাইয়ারার সামনে। সিনেমাটি এরই মধ্যে ভারত থেকে তুলে নিয়েছে ৩০০ কোটি রুপি। এছাড়া ভারতের বাইরে থেকে আয় হয়েছে আরো ২০০ কোটি রুপি। মোট ৫০০ কোটি রুপির বৈশ্বিক আয় নিয়ে সিনেমাটি আহান পাণ্ডে ও অনিত পদ্দাকে দিয়েছে চমৎকার এক অভিষেক। বিষয়টিতে অনেকে হৃতিক রোশনের অভিষেকের সঙ্গে তুলনা করছে। সিনেমার বেশ কয়েকটি ছবি পোস্ট করে অনিত ও আহান নিজেদের আনন্দ প্রকাশ করেছেন। তারা ধন্যবাদ দিয়েছেন নিজ নিজ অনুপ্রেরণাকে।

আহান তার সাফল্যের জন্য ধন্যবাদ দিয়েছেন দাদি স্নেহলতা পাণ্ডেকে। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি জানি, লাখো নক্ষত্রের মধ্য থেকে একাকী এক তারা হয়ে আপনি আমাকে দেখে মিষ্টি হাসছেন। এ সাফল্য আপনাকে উৎসর্গ করলাম দাদি।’

তবে এখানেই শেষ নয়। দর্শকের কথাও ভোলেননি আহান। তিনি লিখেছেন, ‘আমি জানি না সামনে আমার জন্য কী আছে। কিন্তু এ মুহূর্তে আমার মজ্জা পর্যন্ত আনন্দ অনুভব করছি। আপনাদের প্রত্যেকের কাছ থেকেই আমি ভালোবাসা পেয়েছি। সারা জীবন এ ভালোবাসা আমার মনে থাকবে। আমি ওয়াদা করছি, এখন থেকে দ্বিগুণ পরিশ্রম করব ও ভালো কাজ করার চেষ্টাও দ্বিগুণ করব।’

এর সঙ্গে আহান আরো বলেন, তার মধ্যে এখনো একটি শিশু বাস করে। সে শিশুটিকে তিনি পরিণত করে তোলার জন্য কাজ করবেন। দর্শকের উদ্দেশ করে বলেন যে তাদের জন্যই সাফল্য পেয়েছেন। সবাইকে এক-এক করে ধন্যবাদ দিতে পারলে তিনি সবচেয়ে বেশি সন্তুষ্ট হতেন।

এদিকে অনিত পদ্দাও তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘বিস্ময় এখন কাটতে শুরু করেছে ধীরে ধীরে। এর মধ্যেই বলতে চাই, আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমি এখনো বুঝতে পারছি না, এ কৃতজ্ঞতা ঠিক কীভাবে প্রকাশ করা যায়।’

এ প্রসঙ্গে তিনিও ভবিষ্যতের কথা লিখে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আমি জানি না, ভবিষ্যতে কী আছে বা কতটা ভালো কাজ করতে পারব। আমার কখনো মনে হয় যে আশা পূরণ করতে পারব না। তবে এটা বলতে পারি, আমি প্রতিটা কণা দিয়েই চেষ্টা করব। সেই সঙ্গে আমার কাজ দেখে যদি আপনি হাসেন বা কাঁদেন সেটাই আমার প্রাপ্তি। আমি পূর্ণ নই, তবে চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে ভালো কাজ করার। কারণ আমি আপনাদের ভালোবাসি।’

বেঝাই যাচ্ছে, দুই অভিনেতাই সিনেমার সাফল্য নিয়ে দারুণ খুশি। পাশাপাশি তারা দায়িত্বশীল মনোভাব প্রকাশ করেছেন। এটি তাদের জন্য ইতিবাচকই হবে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস