দুই বাংলায়ই জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। এবার বাংলাদেশের জন্য নতুন গান গাইলেন তিনি। গানটির শিরোনাম ‘বরিষণ’। কেতন শেখের লেখা ও সুরে এবং জয় শাহরিয়ারের সংগীতায়োজনে সম্প্রতি এ গানের কণ্ঠ দিয়েছেন নচিকেতা। এটি প্রকাশ হবে আজব রেকর্ডস থেকে। গানটি রেকর্ড হয়েছে কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে।
‘বরিষণ’ প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় শাহরিয়ার আমার স্নেহের গীতিকবি ও সংগীত পরিচালক। আগেও বেশ কয়েকবার ওর লেখা ও সুরে গান গেয়েছি। এবার ওর সংগীতায়োজনে কেতনের লেখা ও সুরে গাইলাম। লেখাটা কবিতার মতো, গাইতে ভীষণ ভালো লেগেছে।’
গানটি নিয়ে জয় শাহরিয়ার বলেন, ‘নচি দা আমার ভীষণ প্রিয় একজন মানুষ ও শিল্পী। ওনার সঙ্গে যতবারই কাজ করতে যাই, ততবারই মুগ্ধ হই। এবারো তার ব্যতিক্রম হয়নি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
কেতন শেখ বলেন, ‘নচিকেতা আমার স্বপ্নের শিল্পী। তার কণ্ঠে আমার লেখা ও সুরে গান মানে নিজের একটা স্বপ্নপূরণ। আশা করি শ্রোতা-দর্শকদের ভীষণ ভালো লাগবে গানটি।’
এর আগে গত জুনেই সর্বশেষ বাংলাদেশের জুটি মিউজিক থেকে প্রকাশ হয় নচিকেতার গান ‘সে একটা গাছ’। ঢাকার গীতিকবি জুলফিকার রাসেলের কথায় গানটি গাওয়ার পাশাপাশি এতে সুরও দিয়েছেন নচিকেতা নিজে। গানটির সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছে গানটি।
প্রসঙ্গত, চলতি মাসের শেষদিকে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। এছাড়া শোনা যাবে স্বাধীন, আইটিউনস, স্পটিফাই, অ্যামাজনসহ বেশ কয়েকটি স্ট্রিমিং প্লাটফর্মে।










