গত বছর বলিউডে অভিষেক হয়েছে ইরফানপুত্র বাবিল খানের। অন্বিতা দত্তের ‘কলা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় তার চরিত্র ছিল এক তরুণ সংগীতশিল্পীর। এটি মুক্তির পরই প্রশংসা পাচ্ছেন বাবিল খান। বাবার মৃত্যুর পর কেটে গেছে দুই বছর। এখন নিজেকে বলিউডে স্থায়ী করার মতো চেষ্টা দেখা যাচ্ছে বাবিল খানের মধ্যে। অভিনয়ে বাবিলের কেবল সূচনা হলো। তার দক্ষতা নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়ার সময় এটি নয়। কিন্তু বাবার চোখ যে পেয়েছেন বাবিল, এতে সন্দেহ নেই। এছাড়া তার জীবনে ইরফান খানের প্রভাব স্পষ্ট।
২০২০ সালে মারা যান ইরফান খান। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে সেরেই উঠছিলেন কিন্তু এরই মাঝে ৫৪ বছর বয়সে মৃত্যু হয় তার। এ মৃত্যু মেনে নেয়া সহজ ছিল না ছেলের জন্য। কলার প্রচারণায় বাবিল এ বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, ইরফান খানের মৃত্যুর পর কিছুদিনের জন্য স্বেচ্ছায় গৃহবন্দি জীবন কাটিয়েছেন।
বলিউড বাবলের সঙ্গে সাক্ষাৎকারে বাবিল বলেন, ‘প্রথম দিন আমি বিশ্বাসই করতে পারিনি। এক সপ্তাহ পার হওয়ার পর বিষয়টি আমাকে ধাক্কা দেয়। এরপর আমি খুব খারাপ অবস্থায় ছিলাম। দেড় মাস নিজেকে রুমে বন্দি করে রেখেছিলাম।’
ইরফান খান শেষ সময়ে এসে সম্ভবত বুঝতে পেরেছিলেন, তার হাতে সময় বেশি নেই। তিনি শুটিংয়ে ব্যস্ত থাকতেন। বাবিল বলেন, ‘তখন তিনি শুটিংয়ে বেশি সময় দিতেন। মনে হতো দীর্ঘ একটি শুটিং শিডিউলে তিনি বাড়ি থেকে দূরে আছেন। এরপর (ইরফান মারা যাওয়ার পর) আমি বুঝলাম, তিনি একদমই চলে গেছেন। তার আর ফেরা হবে না। আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি। পুরো অবস্থা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’
বাবিলের শুরুটা হলো নেটফ্লিক্সে। তার পরবর্তী প্রজেক্টও ওটিটিতেই হতে যাচ্ছে। দ্য রেলওয়ে মেন নামের সিরিজটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। শিব রাওয়ালের পরিচালনায় এ সিরিজের পটভূমি ১৯৮৪ সালে ঘটা ভূপালের গ্যাস ট্র্যাজেডি। এতে বাবিলের সঙ্গে দেখা যাবে কেকে মেনন, আর মাধবন ও দিব্যেন্দুকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










