‘বজরঙ্গী ভাইজান’ সিনেমা যারা দেখেছেন, চাঁদ নওয়াবকে তাদের ভোলার কথা নয়। একজন পাকিস্তানি রিপোর্টার। মুন্নিকে (হার্শালি মালহোত্রা) তার মায়ের কাছে পৌঁছে দিতে যিনি ভাইজানের সঙ্গে জোট বেঁধেছিলেন। পাকিস্তানের একজন সংবাদ প্রতিবেদকের বাস্তব জীবনের ওপর ভিত্তি করে চরিত্রটি নির্মিত হয়েছিল। আর চাঁদ নওয়াব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে গভীর দাগ কেটেছেন বলিউডের বহুমাত্রিক অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এসবই পুরনো খবর। নতুন খবর হলো, আরো একবার চাঁদ নওয়াব চরিত্রে তাকে দেখা যেতে পারে।
বজরঙ্গী ভাইজানের স্ক্রিপ্ট লিখেছিলেন বিজয়েন্দ্র প্রসাদ। বর্তমানে তিনি সিনেমাটির সিকুয়ালের জন্য স্ক্রিপ্ট রচনায় ব্যস্ত আছেন। প্রাথমিকভাবে এর নাম দেয়া হয়েছে ‘পবনপুত্র ভাইজান’। এ প্রসঙ্গে শীর্ষস্থানীয় একটি ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেছেন নওয়াজউদ্দিন। তিনি জানান, সিকুয়ালে চাঁদ নওয়াবের চরিত্রে অভিনয়ের কোনো প্রস্তাব এখনো তার কাছে আসেনি। যদি প্রস্তাব আসে, তিনি অবশ্যই তা বিবেচনা করবেন। এক্ষেত্রে তিনি তার চরিত্র ও ভূমিকাকে প্রাধান্য দেবেন বলে জানান নওয়াজউদ্দিন।
একটি নিউজ পোর্টালে আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সেখানে তিনি তার ক্যারিয়ারের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেন। তিনি জানান, তার মতে এ ইন্ডাস্ট্রিতে (বলিউড) প্রধান ও পার্শ্বচরিত্রের পার্থক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউরোপ বা হলিউডে তা কোনো বিষয়ই নয়। কিন্তু এখানে পার্শ্বচরিত্রগুলোকে গৌণ ও অগুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করানো হয়। ক্যারিয়ারের শুরুতে অনেক ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। কোনো কোনো চরিত্র তো এতটাই ছোট ছিল যে দর্শক হয়তো তাকে লক্ষই করেনি। পরে নওয়াজউদ্দিন বলিউডে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারার পরই কেবল সে চরিত্রগুলো আলোচনায় উঠে আসে। সেদিকে ইঙ্গিত করে তিনি জানান, এসব ছোটখাটো চরিত্র থেকে তিনি সাফল্যের সঙ্গে বেরিয়ে এসেছেন। তিনি আর সেখানে ফিরে যেতে চান না। এখন থেকে কেবল প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে তিনি মন্তব্য করেন। এর জন্য যদি সিনেমায় তার অর্থ বিনিয়োগ করতে হয়, তাহলে তিনি সেটাই করবেন।
গত দুই দশকে বলিউডের বক্স অফিসে বড় ধরনের সাড়া ফেলা সিনেমার মধ্যে অন্যতম সালমান খানের বজরঙ্গী ভাইজান। এ সিনেমায় ভাইজানের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন। আশা করা যায়, এবারো দর্শকদের হতাশ করবেন না তিনি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া










