বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় মুখ সংগীতশিল্পী ফাহমিদা নবী। একাধিক জনপ্রিয় গান রয়েছে তার। সাধারণত ক্ল্যাসিক্যাল ও আধুনিক ধাঁচের গান করেন তিনি। এছাড়া রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত দিয়েও শ্রোতাদের মন জয় করেছেন। নিয়মিত নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় এ সংগীতশিল্পী। সে ধারাবাহিকতায় ফাহমিদা নবীর নতুন একটি গান ‘স্মৃতির দরজায়’ শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর করেছেন ফাহমিদা নবীর ছোট ভাই রিদওয়ান নবী পঞ্চম।

‘স্মৃতির দরজায়’ গানটি প্রসঙ্গে জানতে চাইলে ফাহমিদা নবী বলেন, ‘শ্রদ্ধেয় জামাল ভাই যখন রঙ্গন মিউজিক শুরু করেন, তখন থেকে গানের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, সংগীতাঙ্গনের জন্য তার নিবেদিত পথচলাকে দেখেছি। শুধু গান নয়, নাটক সিনেমা সবদিক থেকে তার দেশের সংস্কৃতি নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা অতুলনীয়। সবসময় হাসি মুখে সবটাই করে যাচ্ছেন। সে কারণে রঙ্গন মিউজিক পিছিয়ে নেই। তাদের পথচলায় অনেক শুভকামনা জানাই। এরই মধ্যে পঞ্চমের সুরে জামাল ভাইয়ের লেখা একটি চমৎকার গানে চিত্রায়ণের কাজ করেছি। চিত্রায়ণের কাজটি খুব সুন্দর করেছে সাগর। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’ 

ফাহমিদা নবীর আসন্ন গানটি নিয়ে জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা আপা এ দেশের একজন বরেণ্য সংগীতশিল্পী। শুরুতেই তিনি আমার লেখা গান বেশ আগ্রহ নিয়ে ভীষণ সচেতনভাবে গেয়ে আসছেন। আমার গীতিকবিতা তার ভীষণ পছন্দ। তিনি আমার গান করেন, এটাই আমার অনেক ভালো লাগা। তার প্রতি কৃতজ্ঞ আমি।’ ‘স্মৃতির দরজায়’ গানটি কবে প্রকাশ পাবে জানতে চাইলে ফাহমিদা নবী জানান, তার আসন্ন রঙ্গন মিউজিক’ শিগগিরই ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।