চলতি বছরে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার নায়িকা শিরীন শিলা। একাধিক সিনেমার শুটিং নিয়ে সময় পার করছেন তিনি। মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ সিনেমার শুটিং শেষ করেছেন কিছুদিন আগেই। এরই মধ্যে তিনি সিনেমাটির ডাবিংও সম্পন্ন করেছেন। এ নিয়ে শিলা বলেন, ‘শেষ বাজি সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও নির্দেশনা আমার কাছে এককথায় দারুণ। ডাবিং করতে গিয়ে সিনেমাটির অনেক দৃশ্য দেখার সুযোগ হয়েছে। যে কারণে নিজের মধ্যেই সিনেমাটিকে ঘিরে ভালো লাগা তৈরি হয়েছে। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’

শেষ বাজি সিনেমার গল্প ও নিজের চরিত্র প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘‌সিনেমার গল্পটি চমৎকার। সাধারণত আমরা প্রেম ভালোবাসার গল্পের সিনেমা দেখি। কিন্তু এটি একটু থ্রিলার টাইপের। গল্পে দেখা যাবে একটা জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কীভাবে শেষ হয়ে যায়। এ সিনেমায় আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশনসহ বাণিজ্যিক ধারার সব উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকের পছন্দ হবে।’

এ সিনেমায় শিলার বিপরীতে আছেন সাইমন সাদিক। এছাড়া আরো অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলমসহ অনেকে। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হয়েছে।

শেষ বাজির আগে নির্মাতা অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং শেষ করেছেন। এ সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শিরীন শিলা। এ সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে।

মুক্তির অপেক্ষায় আছে শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’, ‘ঘর ভাঙা সংসার’, ‘জিম্মি’ ও ‘ডাইরেক্ট অ্যাটাক’।