বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও নিয়মিত অভিনয় করছেন মানসী প্রকৃতি। দুই মাধ্যমেই সাবলীল এ অভিনেত্রী। গত ঈদুল ফিতরে নাটক নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। প্রকৃতি অভিনীত ২০টির মতো নাটক টেলিভিশন ও অনলাইন মাধ্যমে প্রচারিত হয়েছিল। সে ধারা বজায় রাখেন তিনি কোরবানির ঈদেও। ১৮টি নাটকে দেখা যাবে মানসীকে। এরই মধ্য নাটকগুলোর শুটিং সেরেছেন তিনি। ঈদের নাটক নিয়ে কথা হয় মানসীর সঙ্গে।

এ প্রসঙ্গে মানসী প্রকৃতি বলেন, ‘নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার কারণে এবার সেভাবে নাটকে কাজ করতে পারিনি। তবে গত ঈদের ছুটি কাটিয়ে একটানা বেশ কয়েকদিন নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলাম। ঈতে যে কাজগুলো আসছে প্রতিটি কাজই আমার পছন্দের এবং ভিন্ন ঘরানার সব চরিত্র। বর্তমানে আমি কাজের ব্যাপারে বেশ সচেতন। দর্শকদের প্রত্যাশা মাথায় রেখেই কাজ করছি। আশা করছি, বরাবরের মতো এবারের ঈদের কাজগুলো সবার মন ছুঁয়ে যাবে।’

এবারের ঈদের নাটক নিয়ে জানতে চাইলে প্রকৃতি জানান, এবারের ঈদে তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে আদিবাসী মিজান পরিচালিত ‘রিক্সাওয়ালার ভেলকি ২’ ও ‘মিউচুয়াল চোর’, ইমন রাবেকের ‘এতিমের সংসার ২’, কায়কোবাদের ‘কাম ফ্রম নোয়াখালী’, এস কে শুভর ‘স্টুপিড লাভার’ ও ‘আতর’।

প্রকৃতি অভিনীত গত ঈদে সবচেয়ে বেশি সাড়া ফেলেছিল ‘রিক্সাওয়ালার ভেলকি’ নাটকটি। এর দর্শক সাড়া এখনো পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় এ ঈদের জন্য নির্মিত হয়েছে ‘রিক্সাওয়ালার ভেলকি ২’। এ নাটকেও প্রকৃতির সহশিল্পী জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। আসন্ন নাটকটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী।