দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পেতে
যাচ্ছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘দশম অবতার’। এ সিনেমায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয়
অভিনেত্রী জয়া আহসান। এর আগে সৃজিতের ‘রাজকাহিনি’ ও ‘এক যে ছিল রাজা’য় দেখা গেছে তাকে।
তবে কখনো মুখ্য চরিত্রে দেখা যায়নি।
সৃজিত জয়াকে ছবির প্রধান মুখ করেননি।
আফসোস হয় না?- সম্প্রতি সৃজিতকে এ প্রশ্ন করে স্থানীয় সংবাদমাধ্যম অন্য সময়। তখন মজার
ছলে উত্তরও দেন নির্মাতা। জানান, জয়াকে প্রধান চরিত্র করলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ও অনির্বাণ ভট্টাচার্যকে প্রধান চরিত্রে কে নেবে!
সৃজিত বলেন, “অনেক অভিনেত্রীরই অভিযোগ
রয়েছে এই বিষয়ে। এটা স্বীকার করি, আমার ছবিতে পুরুষ চরিত্ররা বেশি প্রাধান্য পেয়েছে।
যদিও জয়া আমার ছবিতে শক্তিশালী নারী চরিত্র করেছে, তবে ওকে ছবির প্রধান মুখ করতে হলে,
আমাকে ‘বিসর্জন’ বা ‘অর্ধাঙ্গিনী’র মতো ছবি করতে হবে। কৌশিকদা (গাঙ্গুলি) জয়াকে
এমন নিপুণভাবে প্রধান চরিত্র দিচ্ছেন, ভাবছি আমিও যদি জয়াকেই। লিড চরিত্র দিই, তা
হলে বুম্বাদা বা অনিবার্ণকে কে লিড দেবেন? এটা নিয়ে কৌশিকদার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং
করে নিয়েছি।”
অনেকদিন পর সৃজিত-জয়ার একসঙ্গে কাজের
বিষয়টি বেশ আলোচনায় আছে। এ ছবির অন্যতম আকর্ষণও নির্মাতা-নায়িকা জুটি। পুরোনো সৃজিতের
কতটা বদল ঘটেছে? এমন প্রশ্নে অন্য এক সাক্ষাৎকারে জয়া বলেন, “প্যাশনের জায়গা থেকে সৃজিতের
মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা
থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক সত্তা।”
জানা গেছে, এ সিনেমার জন্য সৃজিতের
প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় জয়াকে বেছে
নেন নির্মাতা।
‘দশম অবতার’-এ আরো অভিনয় করছেন প্রসেনজিৎ
চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্য।










