বাংলাদেশের ছোট পর্দার একসময়ের দারুণ জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। অভিনয়, সৌন্দর্য ও বাচনভঙ্গি সব মিলিয়েই তিনি অনন্যা। একটা সময় প্রচুর নাটক করেছেন। তার অভিনীত অসংখ্য নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। দেশের শোবিজ অঙ্গনে রিচি সোলায়মান একজন নজরকাড়া নন্দিত শিল্পী। দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে অপরিসীম। কিন্তু তা সত্ত্বেও একসময় স্বেচ্ছায় টিভি পর্দায় তাকে অনিয়মিত হয়ে যেতে হয়।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা অভিনেত্রী রিচি সোলায়মান। সংসার-সন্তান নিয়েই তার ব্যস্ততা। তবে মাঝেমধ্যে দেশে ফেরা হয় তার। পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে যান। সেই সঙ্গে ঢুঁ মারেন শোবিজ পাড়ায়, হাজিরা দিয়ে যান দর্শকের কাছে। দীর্ঘ আট বছর পর আবারো অভিনয়ে ফিরছেন তিনি। সম্প্রতি শুটিং করেছেন কলকাতায়। এবার তাকে দেখা যাবে একটি ওয়েব ফিল্মে।

এ বিষয়ে রিচি বলেন, ‘আট বছর অভিনয় থেকে দূরে ছিলাম। এর মূল কারণ হচ্ছে আমার দুই সন্তান। ওদের সময় দিয়েছি। ওদের বড় করেছি। আমার কাছে সন্তানদের প্রাধান্য ছিল।’ তবে এখন আমার দুই সন্তান নিজেদের পড়ালেখা নিজেরা করতে পারে। ওদের পড়াশোনার জন্য চাপ কিংবা বলে দিতে হয় না। এটা আমার বড় প্রাপ্তি। এজন্যই এত বছর পর অভিনয়ে ফিরলাম। ’

এই দীর্ঘদিন পর অভিনয়ে ফিরে কেমন লাগছে জানতে চাইলে রিচি বলেন, ‘ভীষণ ভালো লাগছে। ফেরার আনন্দটা সত্যিই অন্য রকম, বলে বোঝানো যাবে না। অনেক খুশি আমি। দর্শকের সামনে আসছি, এটা অনেক আনন্দের।’

সিদ্ধান্ত নিয়েছিলাম যদি নতুন করে কাজে ফিরি, তাহলে ভালো কোনো কিছু দিয়ে ফিরব। সেভাবেই ফিরেছি। তিন মাসে হয়তো একটি কাজ করব। আমি মনে করি, ভালো কাজ একজন শিল্পীকে অনেক দিন বাঁচিয়ে রাখে। ভালো কাজ করতে চাই।’ 

নতুন ওয়েব ফিল্মে অভিনয় করার কারণ হিসেবে তিনি বলেন, ‘এ ওয়েব ফিল্ম নারীপ্রধান গল্পের। সেজন্য কাজটি পছন্দ হয়েছে। সেভাবেই অভিনয় করেছি। দুজন মেয়েকে নিয়ে গল্প এগিয়ে যাবে।’