মুক্তির অপেক্ষায় আছে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেইসব দিন’। সিনেমার গল্প ভাবনা ছিল হৃদি হকের বাবা ড. ইনামুল হকের। ১৮ আগস্ট সিনেমাটি দেশের হলে মুক্তি পেতে যাচ্ছে। ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার মধ্য দিয়ে বাংলাদেশের রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী তারিন জাহানের।
এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হৃদি হক, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, সোনিয়া হোসেইনসহ আরো অনেকে। হুদি হক বহুদিন অভিনয় করেছেন। নির্দেশনা দিয়েছেন মঞ্চে। তারিনের অভিনয় ক্যারিয়ারও দীর্ঘ। হৃদি হকের নির্দেশনায় অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘হৃদির বয়স অনুযায়ী তার লেখা আমার কাছে সবসময়ই অনেক ম্যাচিউরড মনে হয়েছে। হৃদির নির্দেশিত নাটকও আমি দেখেছি। তো সে হৃদির প্রথম সিনেমায় আমি আছি, এ জন্য আমি সত্যিই খুশী।’
তারিনের সঙ্গে কাজ করে হৃদি হকও খুশি। তারিন প্রসঙ্গে হৃদি বলেন, ‘তারিন জাহানের মতো দারুণ অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম আছেন। তিনি কোন চরিত্রে অভিনয় করছেন, কোন দৃশ্যে কী করতে হবে কেন করতে হবে, এমন নানা প্রশ্নের উত্তর কোনো পরিচালক যখন যথাযথ দিতে পারেন, তার নির্দেশনায় একজন তারিন জাহান দুর্দান্ত অভিনয় করেন, যা আমার সিনেমায় তিনি করেছেন।’
তারিন জাহান ও হৃদি হক অনেক আগে থেকেই কাজের সূত্রে যুক্ত। তারা নিজেদের ভালোই জানেন। কাজ করতে গিয়ে দেখেছেন আরো কাছ থেকে। হৃদির কাজ করার ধরন সম্পর্কে তারিন বলেন, ‘হৃদি অনেক খুঁতখুঁতে ও ভীষণ বেশি পারফেকশনিস্ট। একজন আর্টিস্টের জন্য অনেক কমফোর্ট একটা জোন যে যতক্ষণ পর্যন্ত অভিনয়টা শতভাগ মনের মতো হচ্ছে না ততক্ষণ পর্যন্ত পরিচালক ওকে বলছেন না। তো হৃদি হচ্ছে তেমনই একজন পরিচালক। হৃদি এতটাই খুঁতখুঁতে যে আমাদের রি-শুটও করতে হয়েছে। হৃদি প্রি-প্রডাকশনে অনেক সময় দিয়েছে।’
হৃদি হক মনে করেন, পিরিয়ড ফিল্ম ও মুক্তিযুদ্ধের সময়ের সিনেমা হওয়ায় একে পারফেক্ট করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। এ ছাড়াও ড. ইনামুল হকের মূল ভাবনা থেকে হওয়ায় এর সঙ্গে হৃদি হক আগেও জড়িত ছিলেন। তিনি বলেন, ‘এটি একটি পিরিয়ড ফিল্ম। আর সেই সময়কে তুলে ধরা অনেক কঠিন ছিল আমার জন্য। আমার সর্বাত্মক চেষ্টা ছিল। ট্রেলার ও টিজার দেখে সবার মধ্যে যে ভালো লাগা দেখেছি, আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে দর্শকের মধ্যে আরো অনেক বেশি ভালো লাগার সৃষ্টি করবে। দর্শকের কথা মাথায় রেখেই অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি।’ নিজের চেষ্টা ও কাজের পাশাপাশি সিনেমায় যুক্ত সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘যারা অভিনয় করেছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’










