হিমালয়ের কোলে অবস্থিত ‘লাদাখ’। ভারতের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ রাস্তা উমলিং লা। এটি ১৯ হাজার ২৪ ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানেই সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো। ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভ্যালের অধীনে উমলিং লাতে অনুষ্ঠিত এ ফ্যাশন শো বিশ্বের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে। এটি ছিল জি২০ সামিটের অংশ। এ ফ্যাশন শোয়ে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। এ মডেল-অভিনেত্রী লাদাখে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
এ ফ্যাশন শোয়ে অংশ নিয়ে মোট ১২ জন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন রাফাহ নানজিবা তোরসা। এমন সাফল্যে আনন্দিত তিনি। তোরসা বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি, এটা গর্বের। বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছে। এ প্রাপ্তিতে আশা করছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণ অনেক বেশি খুশি হবেন। আগামীতে দেশের জন্য এবং শোবিজ ও গার্মেন্টস সেক্টরে এমন আরো যেন প্রাপ্তি আনতে পারি এজন্য সবাই দোয়া করবেন।’
তোরসা আরো বলেন, ‘বাংলাদেশের হয়ে এ অর্জন ভীষণ ভালো লাগার। কারণ আমার জানামতে, এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই। এ ১২ জনকে আলাদা আলাদা সার্টিফিকেট প্রদান করা হবে। যা শিগগিরই আমরা হাতে পাব।’
শোটি লাদাখ আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যালায়েন্সের অংশীদারত্বে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ দ্বারা আয়োজন করা হয়েছিল এবং ভারতীয় সেনাবাহিনী ও সীমান্ত সড়ক সংস্থার সমর্থন ছিল এ শোয়ে। এর আয়োজকরা জানিয়েছেন, উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য ছিল ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’, এতে ধর্ম প্রচারের পাশাপাশি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগড লাদাখের পশমিন গুরুত্ব পেয়েছে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ মুকুটজয়ী রাফাহ নানজিবা তোরসা। এরই মধ্যে তিনি অভিনয়েও নাম লিখিয়েছেন। তার অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। এরপর আরো বেশকিছু কাজ করেছেন তিনি, দেখা গেছে ওয়েব মাধ্যমেও।










