ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তাণ্ডব ও উৎসব। আগস্টে আসছে সিনেমা দুটি। আগের দিনে এক টিকিটে দুই সিনেমা দেখার সুযোগ দেয়া হতো। এখন বিষয়টি তেমনই হচ্ছে রবি গ্রাহকদের জন্য। তারা মাত্র ১৮ টাকায় দেখতে পারবেন সিনেমা দুটি।
দর্শকরা মাই রবি অ্যাপ, সরাসরি রিচার্জ, বিকাশ, নগদ কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই এই মুভি প্যাক কিনতে পারবেন। এ সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, ফলে সারা দেশের সিনেমাপ্রেমীরা তাদের সুবিধামতো সময় দেখে নিতে পারবেন এই দুইটি সিনেমা।
এ বিষয়ে রবির মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী বলেন, ‘গ্রাহকদের প্রিমিয়াম ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে রবি সবসময়ই অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মানসম্পন্ন সিনেমা দেখা আরও সহজতর হবে। আমাদের মূল উদ্দেশ্যই সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিনোদন সবার কাছে পৌঁছে দেয়া।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘দর্শকরা ‘‘উৎসব’’ ও ‘‘তাণ্ডব’’ দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও রাজধানীর হলে গিয়ে অনেকেই সিনেমা দুটি দেখেছেন। তবে জেলা শহর, মফস্বল বা শহরতলির অনেক দর্শকই সিনেমাগুলো দেখতে পারেননি। রবি ও চরকির মাধ্যমে বাংলা কনটেন্টপ্রেমী দর্শকদের কাছে সিনেমা দুটি পৌঁছে যাবে। আশা করি, দর্শকরা ‘‘উৎসব’’ ও ‘‘তাণ্ডব’’-এর ভেতর ডুবে যাবেন।’










