নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান।

ফেসবুক পোস্টে রওনক লিখেছেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুর করোনা পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গে দেখা করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। তাই অযথা হাসপাতালে কেউ ভিড় করবেন না। সবাই ডলি মায়ের জন্য দোয়া করবেন।’ ডলি জহুরকে মা সম্বোধন করে চিত্রনায়ক ওমর সানীও পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘মা সমতুল্য এই নারী অনেক ছবিতে আমার মা হয়েছেন। তাকে মা-ই ডাকি, ডলি জহুর। সুস্থতার পৃথিবীতে তোমার সঙ্গে দেখা হবে মা।’ জানা গেছে, বর্ষীয়ান এ অভিনেত্রীর মধ্যে অবশ্য জটিল কোনো লক্ষণ দেখা যায়নি। তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন। দীর্ঘ দুই বছর অস্ট্রেলিয়ায় ছিলেন ডলি জহুর। তার একমাত্র ছেলে রিয়াসাত বসবাস করেন অস্ট্রেলিয়ায়। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর করোনার কারণে আর ফিরতে পারেননি। অবশেষে গত জানুয়ারিতে ঢাকায় ফেরেন নন্দিত এ অভিনয়শিল্পী।