অরবিন্দ আদিগার উপন্যাস ‘‌দ্য হোয়াইট টাইগার’। বুকার পুরস্কারজয়ী এ উপন্যাস অবলম্বনে ২০২১ সালে নির্মিত হয় সিনেমা। রামিন বাহরানি পরিচালিত সিনেমায় অভিনয় করেছিলেন রাজকুমার রাও, প্রিয়াংকা চোপড়া ও আদর্শ গৌরব। আদর্শের ক্যারিয়ার গ্রাফ কৌতূহলোদ্দীপক। করণ জোহরের সিনেমায় সুযোগ পেলেও স্ক্রিন টাইম ছিল কম। এরপর সিনেমা তেমন করেননি। কিন্তু নজরে ঠিকই এসেছিলেন হোয়াইট টাইগার দিয়ে। এরপর সুযোগ পেলেন হলিউডে কাজ করার। অভিনয় করেছেন ‘‌এক্সট্রাপোলেশনস’ সিরিজে। এ সিরিজে জন স্নো নামে খ্যাত কিট হ্যারিংটন, ফরেস্ট হোয়াইটেকার ও মেরিল স্ট্রিপের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি। গৌরবের মতে, তার স্বপ্ন যেন সত্যি হয়েছে।

ইয়নের সঙ্গে সাক্ষাৎকারে সিরিজটি নিয়ে কথা বলেছিলেন গৌরব। তাকে জিজ্ঞেস করা হয়েছিল মেরিল স্ট্রিপের সঙ্গে একই সিরিজে অভিনয় তার জন্য বিশেষ হয়ে উঠেছিল কিনা। গৌরব বলেন, ‘‌হ্যাঁ, তা তো অবশ্যই। যদিও আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করিনি। আমি ভিন্ন একটা এপিসোডে ছিলাম। তবে ক্রেডিট রোলে অভিনয়ের জন্য শেষে তার নামের পাশেই আমার নাম দেখানো হয়। এটা আমার জন্য খুবই বিশেষ একটা অনুভূতি। আমি অভিনেতা হয়েছিলাম মেরিল স্ট্রিপ, ফরেস্ট হোয়াইটেকারের মতো অভিনয়শিল্পীদের দেখে। তাদের সিনেমায় সবসময়ই কিছু প্রয়োজনীয় বার্তা থাকত। আমি তাদের পথ অনুসরণ করতে চেয়েছি। তাই তাদের পাশেই আমার নাম দেখা একটা বড় বিষয়।’

কেমন বার্তা দেয়া হচ্ছে এ সিরিজে সেদিকে নজর দেয়া যাক। ‌এক্সট্রাপোলেশনস নির্মিত হয়েছে পৃথিবীর নিকট ভবিষ্যৎ নিয়ে। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের পৃথিবী এখন হুমকির মুখে। সে গল্পটিই নতুন করে বলা হয়েছে এ সিরিজে। সিরিজে দেখানো হয় একটা সময় মানুষকে পয়সা দিয়ে অক্সিজেন কিনতে হবে। গৌরব মনে করেন এমন সময় আসতেই পারে। তিনি বলেন, ‘‌এখনই তো নানা জায়গায় অক্সিজেন ট্যাংক রয়েছে। অর্থের বিনিময়ে সেখান থেকে শতভাগ অক্সিজেন নিয়ে শ্বাস নেয়া যায়।’ সিরিজটিকে আদর্শ গৌরবকে মুম্বাইয়ের অধিবাসী হিসেবে দেখানো হয়েছে। ইয়ন তাকে প্রশ্ন করেছিল সিরিজে দেখানো মুম্বাই আসলেই ভবিষ্যতে এমন হতে পারে কিনা। আদর্শ গৌরব বলেন, ‘‌বায়ুদূষণের মাত্রা যে বেড়ে গেছে তাতে তো কোনো সন্দেহ নেই। যদি ঠিকঠাক ব্যবস্থা নেয়া না হয়, তাহলে এ অবস্থা হতেই পারে।’

২০১০ সালে করণ জোহর পরিচালিত ‘‌মাই নেম ইজ খান’ সিনেমায় রেজওয়ান খানের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব। এরপর কিছু টেলিভিশন সিরিজের পাশাপাশি ২০১৭ সালে অভিনয় করেছিলেন ‘‌মম’ সিনেমাটিতে। মাই নেম ইজ খানে খুব বেশি সময় পাননি আদর্শ। একই কথা মমের ক্ষেত্রেও। তবে ২০১৯ সালে অ্যামাজন প্রাইমের সিরিজ হোস্টেল ডেজে অংকিত পান্ডে চরিত্রে অভিনয় করে দর্শকের মনোযোগ খুব ভালোভাবেই পেয়েছিলেন। তবে সবচেয়ে বেশি মনোযোগ পান দ্য হোয়াইট টাইগার সিনেমায়। তার চরিত্রটি ছিল বৈচিত্র্যময়। এ সিনেমায় অভিনয় করে বাফটার মনোনয়ন পেয়েছিলেন গৌরব। বাফটার মনোনয়ন পেয়ে জীবন বদলে গেছে কিনা সে প্রশ্নের উত্তরে গৌরব বলেন, ‘দ্য হোয়াইট টাইগার আমার জীবন অনেকটাই বদলে দিয়েছে। সেটা বাফটার মনোনয়ন না পেলেও হয়তো হতো। তবে এখন অভিনয় ও সুযোগের ক্ষেত্রে অনেক নতুন দরজা খুলে গেছে। আমি সেজন্য সিনেমাটির কাছে কৃতজ্ঞ।’

সূত্র: ইয়ন