শিল্পা শেঠি অভিনয় করতে যাচ্ছেন ধ্রুব শারজার কেডি: দ্য ডেভিল সিনেমায়। কন্নড়ে ধ্রুব শারজাকে অ্যাকশন প্রিন্স বলা হয়। সম্প্রতি বেশ বড় পরিসরে তার সিনেমা মার্টিনের ঘোষণা দিয়েছেন এ অভিনেতা। মার্টিন বেশ বড় বাজেটের সিনেমা। সে রেশ কাটতে না কাটতে এসেছে কেডি: দ্য ডেভিলের ঘোষণা। এটিকে প্যান ইন্ডিয়ান সিনেমা বলা হচ্ছে। ঘোষণার পাশাপাশি একটি পোস্টার প্রকাশ করা হয়েছে এবং তার পর থেকেই এটি নিয়ে নানা আলোচনা চলছে। বলা চলে শিল্পার উপস্থিতি একে টক অব দ্য টাউনে পরিণত করেছে।
প্রেমের লেখা ও পরিচালনায় এ সিনেমা নিয়ে শিল্পা শেঠি উচ্ছ্বসিত ও আগ্রহী। এ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে সবসময়ই যুদ্ধ হয় এবং সেখানে থাকেন একজন সত্যবতী। আমি কেডির যুদ্ধক্ষেত্রে ঢোকার ব্যাপারে খুবই আগ্রহী, কেননা চরিত্রটা শক্তিশালী।’
সত্তরের দশকের পটভূমিতে এ সিনেমার গল্প। পোস্টারে দেখা যায়, শিল্পা শেঠি সে সময়ের সাজে আছেন। পেছনে পুরনো মডেলের গাড়ির সামনে বড় সানগ্লাসে তাকে দেখে এক ধরনের ক্ল্যাসিক ভার তৈরি করেছে পোস্টারটি। এর সঙ্গে জানানো হয়েছে, শিল্পার চরিত্রটির নাম সত্যবতী। পোস্টারে কিংডম শব্দটির কে ও ডি বড় করে লেখা হয়েছে।
সিনেমাটিকে প্যান ইন্ডিয়ান বলার কারণ এতে ধ্রুব শারজার পাশাপাশি অভিনয় করেছেন ভি রবিচন্দ্র। কেবল শিল্পা শেঠিই নন, সিনেমায় আছেন বলিউডের সঞ্জয় দত্তও। এর মধ্য দিয়ে কেজিএফ চ্যাপ্টার টুর পর সঞ্জয়কে আরো একটি কন্নড় সিনেমায় দেখা যাবে। সিনেমা সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি, কিন্তু পোস্টার ও কয়েকটি স্টিল ছবিতে কানতারা ও কেজিএফ দুটো সিনেমার আভাস আছে।
শিল্পা শেঠি এ সময়ে তার ফিটনেসের কারণেই পরিচিত। তবে বহুদিন তিনি ছিলেন বলিউডের হার্টথ্রব নায়িকা। এখনো তার পুরনো পারফরম্যান্সের জাদু কমেনি। শিল্পা শেঠি নামটির সঙ্গেই জুড়ে আছে গ্ল্যামার। কিন্তু অনেকদিন হলো নায়িকা শিল্পাকে দেখা যায় না। অভিনেত্রী শিল্পাকেও যে খুব একটা দেখা যায় এমন নয়। তিনি অভিনয় থেকে অনেকটা সরে গেছেন। গত দুই বছরে কয়েকটি সিনেমায় দেখা গিয়েছিল তাকে। কিন্তু চরিত্রগুলো খুব একটা বড় নয়। সিনেমাগুলোও বড় নয়। এবার সে তুলনায় বড় একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
শিল্পা শেঠির এখন সত্যবতীর মতোই একটি শক্তিশালী চরিত্র দরকার। সর্বশেষ তিনি সাবির খানের নিকম্মায় অভিনয় করেছেন। সিনেমাটি ফ্লপ করেছে। তবে তার হাতে আছে রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। আশা করা যায়, সেটিও দারুণ সাড়া ফেলবে দর্শকের মধ্যে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










