শিল্প আর ঐতিহ্যকে কেন্দ্র করে বছরজুড়েই নানা আয়োজন থাকে আলিয়ঁস ফ্রঁসেজে। এরই ধারাবাহিকতায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গুলশান শাখায় আজ শুরু হতে যাচ্ছে ‘শিকড়ের গান বা সং অব রুটস’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী হবে আজ সন্ধ্যা ৬টায়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাদুপুই।

শিকড়ের গান প্রদর্শনীটি বাংলাদেশের খুলনায় অবস্থিত একটি সমকালীন শিল্পমঞ্চ ‘শ্বাসমূল আর্টস’-এর আয়োজনে হতে যাচ্ছে। শ্বাসমূল আর্টস গত দুই বছর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চলে সম্প্রদায়ভিত্তিক শিল্প চর্চায় নিযুক্ত আছে। এবার তারা ঢাকায় সে প্রদর্শনীর আয়োজন করেছে। এর সমন্বয় করেছেন মনি মাঝি ও বিশ্বজিৎ রায়। শিকড়ের গান নিয়ে জানতে চাইলে তারা জানান, এ প্রদর্শনীতে শ্বাসমূল আর্টসের বিভিন্ন শিল্পীদের তৈরি আউটডোর ইনস্টলেশন রয়েছে। সমসাময়িক শিল্পকর্মের মাধ্যমে তারা সুন্দরবন এলাকার বিভিন্ন সম্প্রদায়ের গল্প তুলে ধরবেন। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন অন্যতম একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইনস্টলেশনগুলো জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় সম্প্রদায়ের ওপর এর প্রভাবের মতো বিষয়গুলোকে তুলে ধরবে সেই সঙ্গে থাকবে পারফরমিং আর্টসের নানা আয়োজন। শিকড়ের গান চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।