ভারতের জন্য দিনটি ছিল ঐতিহাসিক। ১০ জানুয়ারি অনুষ্ঠিত ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড আসরে সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে ‘নাটু নাটু’। এসএস রাজামৌলির বহুল আলোচিত ‘আরআরআর’ সিনেমার গান। এ গানের গীতিকার সুভাষ চন্দ্রবোস। সংগীতায়োজন করেছেন এমএম কীরাভানি। গানের তালে তালে পর্দায় দেখা যায় রাম চরণ ও এনটিআর জুনিয়রের ছন্দময় নাচ। 

গীতিকার চন্দ্রবোস পুরস্কার প্রাপ্তিতে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গান বিষয়ে কিছু তথ্যও প্রকাশ করেন তিনি। এএনআইকে চন্দ্রবোস বলেন, ‘আমার জন্য এটি বড় একটি কাজ ছিল। আরআরআরের জন্য আমাকে একটি গান লেখার সুযোগ দেয়ার জন্য এসএস রাজামৌলি ও এমএম কীরাভানিকে ধন্যবাদ জানাই। গানের ৯০ শতাংশ মাত্র আধাবেলায় আমি লিখে ফেলেছিলাম। অবশিষ্ট ১০ ভাগ লিখতে লেগেছিল ১ বছর ৭ মাস। আমার প্রচেষ্টা, পরিশ্রম ও ধৈর্য স্বীকৃতি পেল।’

গানটির নৃত্যরূপায়ণে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা দুজন। যথার্থ ছন্দ ফুটিয়ে তোলার জন্য দিনের পর দিন তাদের ওপর রীতিমতো অত্যাচার চালিয়েছেন পরিচালক। এ প্রসঙ্গে এনটিআর বলেন, ‘‌সিনেমার শেষ পর্যায়ে আমরা এ গানের কাজ করেছিলাম। ৬৫ রাত আমাদের ওপর অত্যাচার চালানো হয়েছিল। রামচরণ ও আমি একে অন্যকে আঘাত করছিলাম, মেরে ফেলতে চাইছিলাম পরস্পরকে। তারপর ক্ষমা প্রার্থনার মাধ্যমে এটি শুরু হলো—রাজামৌলি সত্যিই চেয়েছিল আমরা যেন পরস্পরকে ঘৃণা করি। অবশেষে, ২১তম বা ২২তম রাতে আমরা ক্ষমা চাওয়া বন্ধ করলাম ও বললাম, ‘‌‘‌চলো, কাজটা শেষ করি।’’ আর তখনই সে তার বিধ্বংসী অস্ত্র নিয়ে এল, নাটু নাটু। আমরা নাচের জটিল সব মুদ্রা তুলেছি, কিন্তু নাটু নাটু জটিল মুদ্রা দাবি করছিল না। এর জন্য প্রয়োজন ছিল ছন্দময়তা, যার ওপর রাজামৌলি জোর দিয়েছিল।’ তিনি রিহার্সেল ও শুটিং সম্পর্কে বলেন, ‘১২ দিন ধরে আমরা গানের শুটিং করেছিলাম, আর মানুষটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আমাদের ওপর রীতিমত জুলুম চালাত। আমরা ১১টা ৩০-এ ঘুমাতাম এবং ৫টা ৩০-এ জেগে উঠতাম। সাতদিনের রিহার্সেলের পর কাজটা শেষ হলো। ছন্দের ব্যাপারে সে কঠোর ছিল, মনিটরে দেখছিল হাত ও পায়ের সমন্বয় হচ্ছে কিনা। 

রিহানার ‘লিফট মি আপ’, টেইলর সুইফটের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘হোল্ড মাই হ্যান্ড’ ও ‘সিয়াও পাপা’র মতো গানকে পেছনে ফেলে ‘নাটু নাটু’ অর্জন করেছে সেরার তকমা। বিদেশী ভাষার সিনেমা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল ‘আরআরআর’। তবে ‘আর্জেন্টিনা ১৯৮৫’ সিনেমার কাছে হার মেনে নিতে হয়।


সূত্র: ইন্ডিয়ার এক্সপ্রেস