বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শক-সমালোচকদের মন। নিজেকে তুলে এনেছেন প্রথম সারির অভিনেতাদের কাতারে। কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রযোজক-পরিচালকদের অন্যতম পছন্দ তিনি। তবে ক্যারিয়ারে নওয়াজের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। ছোট ও গুরুত্বহীন সব চরিত্রে অভিনয় করেছেন প্রথম দিকে। এতটাই যে, অনেক সময় পর্দায় তার উপস্থিতি নজরেই আসত না দর্শকের। তবে সব সীমাবদ্ধতার মধ্যেও নিজের সহজাত অভিনয় নৈপুণ্য দিয়ে ধীরে ধীরে নিজেকে আলোয় এনেছেন তিনি। প্রমাণ করেছেন নিজেকে। বলিউড ছাড়িয়ে হলিউডে ছড়িয়ে দিতে চলেছেন সে মুগ্ধতার রেশ। রবার্তো গিরল্ট পরিচালিত ‘লাক্সমান লোপেজ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। হলিউডে শুরুতেই এত বড় চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কোনো চরিত্র না পেলে বিদেশী সিনেমায় অভিনয় না করার শপথ করেছিলেন তিনি। 

এ যাবৎ তার অভিনীত চরিত্রগুলো সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নওয়াজ বলেন, ‘এ ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ারজুড়ে অনেক সিনেমায় ছোটখাট চরিত্রে অভিনয় করেছি। ওই সময়টা আমি পার করে এসেছি। এখন আপনি যদি আমাকে ২৫ কোটি টাকাও দেন, তথাপি ছোট কোনো চরিত্র আমি করব না। আমি মনে করি, টাকা ও খ্যাতি হলো আপনার কাজের বাইপ্রোডাক্ট। যদি আপনি কাজ ঠিকঠাক করেন, এগুলো আপনার পেছনে ঘুরবে। আর যদি আপনি সেগুলোর পেছনে ছুটে বেড়ান, আপনি কখনো তা খুঁজে পাবেন না। সুতরাং, ভালো কাজ করে যান।’

ক্যারিয়ারে কয়েক জন নারী পরিচালকের নির্দেশনায় অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে একজন পরিচালক কেবল পরিচালক। কখনোই একজন পরিচালককে আমি পুরুষ বা নারী হিসেবে দেখি না। আমার ক্যারিয়ারের অধিকাংশ কাজ আমি নারী পরিচালকদের সঙ্গে করেছি। আমি ভিন্ন কিছু অনুভব করিনি। 

এমনকি এটি নিয়ে কোনো চিন্তাও আসেনি আমার মনে। এখানে শিল্প গুরুত্বপূর্ণ, আর তা পরিচালক নারী বা পুরুষ হওয়ার ওপর নির্ভর করে না। শিল্প কারো মুখাপেক্ষী নয়। অবশ্যই নারীর উপলব্ধি ভিন্ন। তাদের দেখার দৃষ্টি চমৎকার হয়ে থাকে। একজন নারী যেভাবে পৃথিবীকে দেখে, তা সুন্দর। নারী পরিচালকদের সঙ্গে কাজ করতে গিয়ে এমন আভাসই আমি পেয়েছি।’

প্রতিভা থাকলে কাউকে দমিয়ে রাখা যায় না বলে বিশ্বাস করেন এ অভিনেতা। তিনি বলেন, ‘আমি ছোট একটি গ্রাম থেকে এসেছি। কিন্তু এখানে আমি আপনার সঙ্গে কথা বলছি। সত্যিকার অর্থে আমি বিশ্বাস করি যে, পৃথিবীতে প্রত্যেকে তার প্রাপ্যটুকু পায়। যদি প্রতিভা থাকে, কোনোকিছুই আপনাকে আপনার প্রাপ্য অংশটুকু লাভ করা থেকে থামিয়ে রাখতে পারবে না।’


সূত্র: টাইমস অব ইন্ডিয়া