মাত্র তিন সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে এক বিলিয়ন বা ১০০
কোটি ডলারের বেশি তুলে নিয়েছে গ্রেটা গারউইগ পরিচালিত ‘বারবি’। নারী নির্মাতা
হিসেবে এটি একটি রেকর্ড। এর আগে সর্বোচ্চ আয়ের রেকর্ডটি ছিল প্যাটি জেনকিন্সের ‘ওয়ান্ডার ওম্যান’ সিনেমার। খবর
এপি।
সর্বশেষ সপ্তাহান্তে উত্তর আমেরিকায় পাঁচ
কোটি ৩০ লাখ ডলার ও বিশ্বব্যাপী সাত কোটি ৪০ লাখ ডলার আয় করেছে আইকনিক ডল কেন্দ্রিক
সিনেমাটি। সব মিলিয়ে মার্গট রবির ’বারবি’র বৈশ্বিক আয়
১০৩ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সন্দেহ নেই যে এই আয় আরো বাড়বে।
এই মধ্যে হ্যারি পটার সিরিজসহ বেশ কিছু
সিনেমার চেয়ে দ্রুততম সময়ে স্থানীয় বাজারে ৪০ কোটি ডলার ও আন্তর্জাতিক বাজারে ৫০ কোটি
ডলার আয় অতিক্রম করেছে গ্রেটার নির্মাণটি।
মুদ্রাস্ফীতি বাদ দিলে আধুনিক বক্স অফিসের
ইতিহাসে মাত্র ৫৩টি সিনেমা ১০০ কোটি ডলারে বেশি আয় করেছে।
এতদিন নারী পরিচালকের সর্বোচ্চ আয়ের সিনেমা
ছিল প্যাটি জেনকিন্সের ‘ওয়ান্ডার ওম্যান’। সুপারহিরো সিনেমাটি
বৈশ্বিক বক্স অফিস থেকে তুলে নেয় ৮২ কোটি ২৮ লাখ ডলারের বেশি।
অবশ্য যৌথভাবে নির্মাণে নারীরা যুক্ত ছিলেন
এমন তিনটি সিনেমা এর আগে বিলিয়ন ডলারের ক্লাবের পা রাখে। জেনিফার লি সহ-পরিচালক ছিলেন
‘ফ্রোজেন’ (১৩০ কোটি) ও
‘ফ্রোজেন টু’ (১৪৫ কোটি) সিনেমায়।
আর ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর সঙ্গে ছিলেন
অ্যানা বোডেন, এই সিনেমার আয় ১১০ কোটি ডলার।
চলতি গরমের মৌসুমে হলিউডে বেশ কয়েকটি বড়
বাজেটের সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ানা জোনস ফাইভ, মিশন ইম্পসিবল
সেভেন, মেগ টু, ওপেনহাইমার ও টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস: মিউট্যান্ট মেহেম। আর
সবকটি থেকেই এগিয়ে আছে ‘বারবি’।










