দুই বছরের বিরতি ভেঙে ‘জেলার’ দিয়ে
বড়পর্দায় ফিরেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত। ১০ আগস্ট মুক্তির দিন থেকেই
বক্স অফিসে ঝড় তুলছে এই সিনেমা। তিন দিনে শুধু ভারতেই আয় করেছে ১০০ কোটি রুপি।
সিনেমার বাণিজ্য বিষয়ক পোর্টাল সাকনিল্ক
অনুসারে, নেলসন দিলীপ কুমার পরিচালিত ‘জেলার’ প্রথম দিনে আয় করেছে ৪৮.৩৫ কোটি রুপি।
দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে ২৫.৭৫ কোটি ও ৩৫ কোটি রুপি সংগ্রহ করেছে। সব মিলিয়ে
সংগ্রহ দাঁড়িয়েছে ১০৯.১০ কোটি রুপি।
এদিকে আন্তর্জাতিক বাজারেও বেশ ভালো
করছে ‘জেলার’। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা মাইক্রো ব্লগ প্লাটফর্ম এক্সে লেখেন, ‘যুক্তরাষ্ট্রে
সিনেমাটি ৯ লাখ ডলার আয় করেছে।’ অস্ট্রেলিয়ায় বিজয় থালাপাতির ‘মাস্টার’কে পেছনে ফেলে
এগিয়ে আছে ‘জেলার’।
এ সিনেমায় রজনীকান্ত ছাড়াও আরো কিছু
চমক রয়েছে। ক্যামিও করেছেন মালায়ালম অভিনেতা মোহনলাল ও কন্নড় অভিনেতা শিব রাজকুমার।
আরো আছেন জ্যাকি শ্রফ, রামাইয়া কৃষ্ণান, তামান্না ভাটিয়া ও বিনায়কান।
‘জেলার’ মুক্তির পরদিন ১১ আগস্ট প্রেক্ষাগৃহে
আসে চিরঞ্জীবীর ‘ভোলা শঙ্কর’ ও সানি দেওলের ‘গদর টু’। এ ছবিগুলোর প্রথম দিনের আয় যথাক্রমে
২০ কোটি ও ৪০ কোটি রুপি।










