ঈদের একাধিক নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। আসন্ন ঈদের নাটক নিয়ে ব্যস্ত আছেন তাসনিয়া ফারিণও। এর আগে একাধিক নাটকে জোভান ও ফারিণকে দেখা গেছে। এ ঈদেও নাটকে একসঙ্গে দেখা যাবে এ দুই তারকাকে। নাটকের নাম ‘সুইচ’। এটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর গল্প ও চিত্রনাট্য নির্মাতারই লেখা।
‘সুইচ’ নাটকটি নিয়ে রাফাত বলেন, ‘গল্পটি একেবারে সাদামাটা দুটো চরিত্রকে নিয়ে। হাসিব ও মেঘা। একই সড়কে বাসা। স্কুল ও কলেজ পেরিয়ে একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তারা। দুজনের মধ্যে মনের মিল নেই; বরং সবসময় তারা ঝগড়ায় মেতে থাকে। হঠাৎ করেই তাদের স্বাভাবিক জীবনের ছন্দপতন হয়। একটা অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনা ঘটে দুজনার জীবনে। সেটি বেশ রোমাঞ্চকর ও মজারও বটে। আশা করছি নাটকটি দেখে যেমন মজা পাবেন দর্শকরা, তেমনি রোমাঞ্চ অনুভব করবেন।’
নাটকের চরিত্রদের নিয়ে নির্মাতা জানান, ঘটনাটা বেশ অদ্ভুত অথবা আধ্যাত্মিক। যে দুজন মানুষ জীবনের অধিকাংশ সময় ঝগড়া আর একে অপরকে অপছন্দ করে চলেছে, তারাই নাকি ভর করেছে একে অপরের আত্মায়। চরিত্র দুটির নাম হাসিব ও মেঘা। যাদের জন্ম, শৈশব, কৈশোর ও যৌবনের একাংশ কেটেছে প্রায় একসঙ্গে। অথচ চলনে-বলনে দুজনেই বিপরীতমুখো। এমনই দুই চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণকে।
আসন্ন নাটকটি নিয়ে জোভান বলেন, ‘গল্পটা বেশ মজার। আমরা কাজ করার সময় মজা পেয়েছি। নাটকটি দর্শকের ভালো লাগবে বলে মনে করছি।’
নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘সুইচ’ নাটকটি ঈদ আয়োজনে উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।










