টড ফিলিপসের সিনেমা ‘‌জোকার: ফোলি আ দ্যু’। সিনেমাটিতে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনয় করছেন। টড ফিলিপসের জোকার নিয়ে আগে থেকেই দর্শকদের আগ্রহ ছিল। জোয়াকিন ফিনিক্সের কারণে জোকার হয়ে উঠেছিল সবার প্রিয়। এরপর সিকুয়ালের ঘোষণা ও তাতে লেডি গাগার যুক্ত হওয়ার মাধ্যমে প্রত্যাশার পারদ আরো চড়ে গিয়েছিল। এ সিনেমাটি নিয়ে দর্শক ও মিডিয়ার আগ্রহের অন্ত নেই। কিছুদিন আগে শুটিং সেটের কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। এবার এসেছে হার্লে কুইনের রূপ। শুটিং সেট থেকেই লেডি গাগার এ রূপ স্টিল ছবিতে এসেছে। আর তার পরই শুরু হয়েছে হুলস্থুল অবস্থা। কেননা হার্লে কুইনকে একদমই অন্য রকম লাগছে এ নতুন রূপে।

যে দুটি ছবি ভাইরাল হয়েছে তা সিনেমার সেট থেকে। সেখানে দেখা যায় লেডি গাগা হার্লে কুইন রূপে সেজে আছেন। তার মেকআপ ও কস্টিউম অন্যান্য হার্লে কুইনের তুলনায় আলাদা। লাল জ্যাকেটে তাকে গ্ল্যামারাস লাগছিল। ছবিতে তাকে অর্থাৎ হার্লে কুইনকে গথাম সিটির পুলিশের মাঝে দেখা যায়। তাকে হয়তো ধরে নিয়ে যাওয়া হচ্ছে আরখামে। সেখানে একটি সরকারি দালানের বাইরে জনতা দাঁড়ানো এবং বেশকিছু প্ল্যাকার্ডে জোকারের নানা কথা লেখা। সেখানে ছিল ‘‌ফ্রি জোকার’, ‘‌জাস্টিস ফর জোকার’, ‘‌ জোকার ম্যারি মি’ ও ‘‌ নো জাস্টিস নট গিল্টি নট জোকার’। টড ফিলিপস তার আগের সিনেমাটিতে জোকারকে উপস্থাপন করেছিলেন ভিন্ন রূপে। এ সিনেমাটিও সে ধারারই হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঠিক কী তৈরি করতে যাচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না।

লেডি গাগার এই হার্লে কুইন রূপ অনেকেই পছন্দ করেছেন। হার্লে কুইনের নতুন কোনো পরিচয় এখন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সম্ভবত এখানে জোকারের পাশাপাশি গল্প ও স্ক্রিন টাইমে সমান গুরুত্ব পাবেন হার্লে কুইন। লেডি গাগাকে সে কারণেই কাস্ট করেছেন টড। হার্লে কুইনের কস্টিউম ডিজাইন করেছেন অস্কার মনোনীত আরিয়ানে ফিলিপস। 

হার্লে কুইন চরিত্রে এর আগে অভিনয় করেছিলেন মার্গট রবি। আসন্ন সিনেমাটিতে হার্লের চরিত্র আরো ডার্ক হবে বলে জানানো হয়েছিল। কিন্তু এ ছবি এবং ভ্যালেন্টাইনস ডেতে টডের পোস্ট করা জোকার ও কুইনের ছবি দেখে মনে হচ্ছে তিনি রোমান্টিক গল্প নির্মাণ করছেন। অবশ্য কী করছেন তা জানতে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সূত্র: ইয়ন