স্ট্রিমিং প্লাটফর্মগুলো তাদের গ্রাহক সেবার খরচ বাড়াচ্ছে। নেটফ্লিক্সের পর সে তালিকায় যুক্ত হলো এইচবিও ম্যাক্স। ওয়ার্নার ব্রোস ডিসকভারির নতুন পরিকল্পনার অংশের ভেতর এটিও একটি। দুই বছর আগে এইচবিও ম্যাক্সের কার্যক্রম শুরু করার পর প্রথমবারের মতো গ্রাহকসেবার মূল্য বৃদ্ধি করছে তারা। জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এ নতুন ট্যারিফ।
ওয়ার্নার ব্রোস ডিসকভারির নতুন নীতি অনুসারে এইচবিও ম্যাক্সের বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশনের মাসিক চার্জ ১৪ দশমিক ৯৯ ডলার থেকে বেড়ে ১৫ দশমিক ৯৯ ডলার করা হচ্ছে। অর্থাৎ খরচ বৃদ্ধি হচ্ছে প্রায় ৭ শতাংশ। ১২ জানুয়ারি কার্যকর হওয়া এ ট্যারিফ আগামী ১১ ফেব্রুয়ারি গ্রাহকদের বিলে যুক্ত হবে। কোম্পানির তরফ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এক ডলারের এ বৃদ্ধি আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতির আরো নানা কনটেন্ট তৈরি ও স্ট্রিমিংয়ে যুক্ত করার ক্ষেত্রে সাহায্য করবে, যা সব গ্রাহকের ক্ষেত্রেই কাজে লাগবে।’
২০২০ সালে এইচবিও ম্যাক্স চালুর সময় বিজ্ঞাপনবিহীন স্ট্রিমিং প্ল্যানের মূল্য ১৪ দশমিক ৯৯ ডলার রাখা হয়েছিল। বিজ্ঞাপনযুক্ত স্ট্রিমিং প্ল্যানের মূল্য মাসিক ৯ দশমিক ৯৯ ডলার অপরিবর্তিত থাকছে। ওয়ার্নার ব্রোস থেকে এ মূল্যবৃদ্ধি প্রসঙ্গে আগেই জানানো হয়েছিল। কিন্তু মূল্য বৃদ্ধির আগে ওয়ার্নার ব্রোস তাদের এ প্লাটফর্ম থেকে বেশকিছু কনটেন্ট সরিয়ে নিয়েছে। এর প্রভাব গ্রাহকদের মধ্যে পড়বে। অনেকেই সাবস্ক্রিপশন ছেড়ে দিয়েছেন এ কারণে এবং ধারণা করা হচ্ছে মূল্য বৃদ্ধির কারণেই অনেক গ্রাহক হারাবে প্লাটফর্মটি।
বর্তমানে এইচবিও ম্যাক্স খরুচে স্ট্রিমিং প্লাটফর্মের মধ্যে একটি। কেননা হুলুর বিজ্ঞাপনবিহীন সাবসক্রিপশন ফি ১৪ দশমিক ৯৯ ডলার, ডিজনি প্লাসের ১০ দশমিক ৯৯ ডলার, পিকক ও প্যারামাউন্ট প্লাসের ৯ দশমিক ৯৯ ডলার, অ্যাপল টিভির ৬ দশমিক ৯৯ ডলার, যেখানে নেটফ্লিক্সের বেসিক প্ল্যান মাসিক ৯ দশমিক ৯৯ ডলারের।
সূত্র: ভ্যারাইটি










