ভারতের জনপ্রিয় অনলাইন শিক্ষাদান সংস্থা বাইজু’স তাদের বিজ্ঞাপন থেকে বলিউড বাদশাহ শাহরুখকে বাদ দিল। অর্থাৎ শাহরুখ তাদের যে বিজ্ঞাপনের মডেল হয়েছেন, সেগুলো আর প্রচার করা হচ্ছে না। এমনকি আগে থেকে নির্ধারণ করে রাখা স্লট থেকেও বাদ গেছে শাহরুখের বিজ্ঞাপন। ছেলে আরিয়ান খানের মাদক কাণ্ডের পর টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো দাবি ওঠার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিল বাইজু’স। কিং খানের সঙ্গে বড় অংকের চুক্তি করেছিল বাইজু’স নামের ভারতীয় এ অনলাইন শিক্ষাপ্রযুক্তি সংস্থাটি। এক প্রতিবেদনে বলা হয়, বছরে ৩-৪ কোটি রুপি দিত বাইজু’স।
কয়েক সপ্তাহ আগেই কিং খানের সঙ্গে নতুন এ বিজ্ঞাপনের ক্যাম্পেইন করেছিল বাইজু’স। কিন্তু মাদক সেবনের অভিযোগে আরিয়ান গ্রেফতার হওয়ায় শাহরুখকে সব প্রমোশন ফিচারিং থেকে বাদ দেয়। তবে প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকেও শাহরুখকে বাদ দেয়া হবে কিনা তা এখনো জানা যায়নি।
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বিজ্ঞাপন বানিয়েছিল বাইজু’স। আইপিএল শেষ প্রান্তে চলে এলেও কোম্পানিটি তাদের সব বিজ্ঞাপন সরিয়ে নেবে কিনা জানা যায়নি।
বিজ্ঞাপন সরিয়ে নেয়ার ফলে ক্ষতির সম্মুখীন হবে বাইজু’স। কারণ বলিউড বাদশাহকে নিজেদের সঙ্গে যুক্ত করতে পেরে বিভিন্নভাবে সুবিধা পাচ্ছিল কোম্পানিটি। এদিকে এ ব্র্যান্ডের সঙ্গে শাহরুখের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে এখন বিজ্ঞাপন থেকে বাদ দিলেও তার সঙ্গে সবকিছু চুকিয়ে ফেলাটা তাদের জন্য সহজ হবে না। বর্তমানে ভারতের সবচেয়ে দামি স্টার্টআপ বাইজু’স, যার মূল্য প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার। ডাফ ও ফেল্পস ব্র্যান্ড র্যাংকিংয়ে শারুখের অবস্থান চার নম্বরে। তার ব্র্যান্ড মূল্য ৫১ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে বাইজু’স ছাড়াও বিভিন্ন নামি ব্র্যান্ড যেমন দুবাই ট্যুরিজম, আইসিআইসি ব্যাংক, হুন্ডাই, এলজি রিলায়েন্স জিওসহ অন্যান্য ব্র্যান্ডেরও বাধার মুখোমুখি হচ্ছেন শাহরুখ।
২ অক্টোবর রাতে একটি প্রমোদতরী থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ মোট আটজনকে মাদক গ্রহণের অভিযোগে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
সূত্র: বলিউড হাঙ্গামা










