নাট্যসংগঠন স্বপ্নদলের নতুন প্রযোজনা ম্যাকবেথ। উইলিয়াম শেকসপিয়ারের রচনা অবলম্বনে মূকনাট্য (মাইমোড্রামা) ‌ম্যাকবেথ সপ্তমবারের মতো মঞ্চায়ন হবে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে এ নাটকের। নাটকে ম্যাকবেথ রূপে হাজির হচ্ছেন নিশক তারেক আজিজ। নতুন করে অভিনয়ে নিয়মিত হচ্ছেন তিনি।

তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ সিনেমায় অভিনয় করেছিলেন নিশক। এ সিনেমা থেকে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ফেরদৌস ওয়াহিদ পরিচালিত ‘কুসুমপুরের গল্প’ সিনেমায় প্রধান খল চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ফটোগ্রাফিতে মনোযোগী হয়ে ওঠেন। বর্তমানে নিশক তারেক আজিজ অভিনয়ে আবারো মনোযোগী হয়ে উঠেছেন। সে ধারাবাহিকতায় এখন মঞ্চে তিনি। 

ম্যাকবেথ চরিত্রে অভিনয় প্রসঙ্গে নিশক তারেক আজিজ বলেন, ‘‌ম্যাকবেথ ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এর আগেও এ চরিত্রে অভিনয়ের জন্য আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। আশা রাখছি, আজকের মঞ্চায়নও দর্শককে মুগ্ধ করবে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাহিদ রিপন ভাইকে, ম্যাকবেথ চরিত্রের অভিনয়ের জন্য আমার প্রতি আস্থা রাখার জন্য। সত্যি বলতে কি অভিনয়ে শতভাগ মনোযোগ ছাড়া অভিনয় ফুটিয়ে তোলা সম্ভব হয় না। ম্যাকবেথের জন্য সে পূর্ণ মনোযোগটা দিয়েছি। যে কারণে আজ আরো আশা রাখছি যে দর্শকের অনেক ভালো লাগবে আজকের মঞ্চায়ন।’