ধর্ম প্রোডাকশন থেকে বের হওয়ার পর অয়ন মুখার্জির কাছে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের প্রস্তাব আসতে থাকে। এগুলোর মধ্যে যশরাজ ফিল্মস অন্যতম। এ প্রতিষ্ঠানের স্পাই ইউনিভার্সের 

পরবর্তী সিনেমা ওয়ার টু পরিচালনার প্রস্তাব দেয়া হয় তাকে। সিনেমাটির প্রধান চরিত্রে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে দেখা যাবে। ওয়ার টু সিনেমা পরিচালনার প্রস্তাব সাগ্রহে গ্রহণ করেন অয়ন মুখার্জি। এ প্রসঙ্গে একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলে, ‘আদিত্য চোপড়া অয়ন মুখার্জী পরিচালিত ব্রহ্মাস্ত্র সিনেমাটি দেখেছেন। তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে, একটি স্টাইলিশ অ্যাকশন সিনেমা পরিচালনার যোগ্যতা অয়নের আছে। তিনি অয়নকে প্রস্তাব দিলেন। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হতে পেরে অয়ন যারপরনাই খুশি ছিলেন। সবচেয়ে সেরা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।’

যশরাজ ফিল্মসে অয়ন পশ্চিমের সেরা টেকনিশিয়ানদের সমন্বয়ে গঠিত একটি টিম পেতে যাচ্ছেন। ওয়ার টু পরিচালনার জন্য তিনি বেশ ভালো অংকের পারিশ্রমিক পাবেন। এ সিনেমা পরিচালনার জন্য তিনি ৩২ কোটি রুপি পাবেন। এ মাসে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। তার জন্য সব প্রস্তুতি নিয়েছেন অয়ন মুখার্জী। নভেম্বরের মধ্যে সিনেমাটি শ্যুটিং ফ্লোরে গড়াবে।

২০২৪ সালের শেষের দিকে কিংবা ২০২৫ সালের শুরুর দিকে ওয়ার টু মুক্তি পাবে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এটি ষষ্ঠ সিনেমা হতে যাচ্ছে। আগের পাঁচটি যথাক্রমে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ওয়ার, পাঠান ও টাইগার থ্রি।


সূত্র: বলিউডহাঙ্গামা