আজ জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এ দিনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে এদিন গোটা বাঙালি জাতিকে কলঙ্কিত করা হয়েছিল। প্রতি বছর দেশের বিভিন্ন টিভি চ্যানেলে শোক দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার হয়। আজও টেলিভিশনের পর্দায় থাকছে বিশেষ আয়োজন।

শোক দিবস স্মরণে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে একাধিক বিশেষ অনুষ্ঠান। আছে টেলিফিল্ম, মঞ্চ নাটক, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান ও শিশুতোষ অনুষ্ঠান।

শোক দিবসে বিশেষ তথ্যচিত্র ‘১৫ আগস্ট সেই রাত’ প্রচার হবে সকাল ৭টায়। কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচার হবে সকাল সাড়ে ৭টায়। ৮টা ১৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘চেতনায় মুজিব’। শিশুতোষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে জানি’ প্রচার হবে ৯টায়। ১০টা ১০ মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘শোকে নয় চেতনায় মুজিব’। মঞ্চ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ প্রচার হবে ১২টা ৪০ মিনিটে। চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ প্রচার হবে দুপুর আড়াইটায়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘আবার আসিব ফিরে’। ড. মো. জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। আল মামুনের প্রযোজনায় এটি প্রচার হবে মঙ্গলবার রাত ৯টায়। অভিনয় করেছেন আফজাল হোসেন, ডলি জহুর, আশনা হাবিব ভাবনা, তৌফিকুল ইসলাম ইমন, শাহরিয়ার ফেরদৌস সজীব, ফারুক আহমেদ, শুভাশিস ভৌমিক ও প্রনব ঘোষ।

জাতীয় শোক দিবসে চ্যানেল আই প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা বিশেষ পরিবেশনা করবেন এবং আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের সিনেমা ‘একাত্তরের নিশান। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন তাহের শিপন। এ ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর বঙ্গবন্ধুর প্রিয় খাবার। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘরে ধারণকৃত বিশেষ আবৃত্তি অনুষ্ঠান। সহিদ রহমানের রচনা ও অঞ্জন আইচের পরিচালনায় বিশেষ নাটক ‘রিন্টুর না ফেরা’ প্রচার হবে আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে। রাত সাড়ে ৯টায় রয়েছে শাইখ সিরাজের নির্মাণ ও উপস্থাপনায় বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’।

শোক দিবসে বৈশাখী টিভিতে প্রচার হবে দেশ চেতনার ওপর নির্মিত চারটি সিনেমা। সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে ইলিয়াস কাঞ্চন, মান্না, চম্পা অভিনীত ‘সিপাহী’। দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনের কাহিনী নির্মিত অ্যানিমেটেড মুভি ‘মুজিব ভাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মিত মুভিটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা ও চন্দন কে বর্মণ।

সোহেল রানা, সুচরিতা, দোদুল, অরুণা বিশ্বাস অভিনীত ‘হাঙ্গর নদী গ্রেনেড’ প্রচার হবে আজ বেলা ২টা ৪৫ মিনিটে। রাত ১২টায় থাকছে মান্না, শাহনাজ, হুমায়ুন ফরীদি অভিনীত ‘দেশের মাটি’। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের লেখা মুজিব আদর্শের নাটক ‘চেতনায় মুজিব’। প্রচার হবে রাত সাড়ে ৮টায়। নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তন্ময় সোহেল, আশরাফ কবির, অনামিকা, শরীফ প্রমুখ।

আজ এনটিভিতেও থাকছে বিশেষ আয়োজন। সকাল ৬টা ৫৫ মিনিটে প্রচার হবে বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র: চিরঞ্জীব বঙ্গবন্ধু। সকাল ৮টা ৪৫ মিনিটে থাকছে বাংলা ছায়াছবি বিদ্রোহী পদ্মা।

বাদল খন্দকারের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, পপি, ইলিয়াস কাঞ্চন, চম্পা, শামস সুমন, শহীদুল আলম সাচ্চু, ডা. এজাজ। বিশেষ প্রামাণ্যচিত্র: রহমান, ফাদার অব বেঙ্গল প্রচার হবে আজ বেলা ১টায়। ড. সৌমিত্র শেখরের উপস্থাপনায় আলেখ্যানুষ্ঠান: কে বলে তুমি নেই থাকছে বেলা ১টা ২০ মিনিটে। উপস্থাপনা ড. সৌমিত্র শেখর। এতে অংশগ্রহণ করবেন ড. বিশ্বজিত ঘোষ, শিল্পী অনুপমা মুক্তি ও মামুন জাহিদ খান।