সানিয়া মালহোত্রা অভিনীত সিনেমা ‘কাঁঠাল’ আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। সাত মাস আগে এর টিজার মুক্তি পেলেও কমেডি ঘরানার এ সিনেমার মুক্তি তুলনামূলক দেরিতেই হলো। হাতে আছে আরো বেশ কয়েকটি সিনেমা। মালয়ালম সিনেমা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের রিমেকে দেখা যাবে তাকে। তবে আরো বড় খবর হলো শাহরুখ খানের জওয়ান সিনেমায় অভিনয় করছেন সানিয়া।
সবসময়ই সিনেমা ও অভিনয় নিয়ে নিরীক্ষা করেন সানিয়া। বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নতুন এসেও নামি নায়কের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন না। নিজের জায়গা তৈরি করেছিলেন। পাগলাইতের মতো নারীকেন্দ্রিক সিনেমায় নিজের যোগ্যতা প্রমাণ করেন তিনি। তবে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করা নিয়ে তার আগ্রহ অবশ্যই ছিল। অ্যাটলি কুমারের এ সিনেমা নিয়ে তিনি দারুণ আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘আমি সবসময়ই চেয়েছি কখনো না কখনো শাহরুখ খানের সঙ্গে অভিনয় করব। আমার জন্য এ সিনেমা স্বপ্নের মতো। যেন স্বপ্ন সত্যি হলো আমার। নিজেকে তার আশপাশে কেমন লাগে. তা দেখতে অধীর আমি। স্বপ্নের একটা চরিত্র করেছি আমি। শাহরুখ খানের সহঅভিনেত্রী হতে পেরে আমি আনন্দিত।’
সানিয়ার ক্যারিয়ারে এর আগে তিনি আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। দঙ্গলে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। সিনেমাটির মাধ্যমে অভিষেক হয়েছিল সানিয়ার। নওয়াজউদ্দিনের সঙ্গে ২০১৯ সালে অভিনয় করেছিলেন গ্ল্যামারহীন লো বাজেট সিনেমা ফটোগ্রাফে। অভিনয় প্রতিভা ও সাহস দুটোই দেখিয়েছিলেন তিনি। এরপর পাগলাইতেও সে ধারা অব্যাহত রেখেছিলেন।
সানিয়া মূলত সিনেমায় তার নিজের চরিত্র নিয়ে ভাবেন। গল্পে কৌতূহলোদ্দীপক কোনো বিষয় থাকলে তিনি আগ্রহী হন। কাঁঠাল নিয়ে বলেন, ‘পাগলাইত করার সময়ই একদিন গুণিত আমাকে ফোন করেছিল। তখনো সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়নি। শুধু থিমটাই জানিয়েছিল।’ স্বভাবসুলভ মজা করে সানিয়া বলেন, ‘আসলে বালাজি আর নেটফ্লিক্সের সঙ্গে কাজ করার ফল এত সুস্বাদু ছিল যে কাঁঠালে রাজি হয়ে গেলাম।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










