টেলিভিশনের ব্যস্ত তারকা আব্দুন নূর সজল। মডেলিং দিয়ে বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন সজল। সিনেমার সঙ্গে যুক্ত রয়েছেন এ অভিনেতা। বর্তমানে তিনি কাজ করছেন ‘সুবর্ণভূমি’
সিনেমায়। মহান মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। সুবর্ণভূমি সিনেমাটি পরিচালনায় রয়েছেন জাহিদ হোসেন।
একজন বীর মুক্তিযোদ্ধার চরিত্রে এ সিনেমায় অভিনয় করেছেন সজল। এ সিনেমায় সজলের দাদি হিসেবে অভিনয় করেছেন দিলারা জামান। এ তারকা বলেন, একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি এ সিনেমায়। মুক্তিযুদ্ধের গল্প বরাবরই আমাকে টানে। এমন গল্পের প্রস্তাব পেলে লুফে নিই। টানা দুই সপ্তাহ চলচ্চিত্রের শুটিং করব।
ঢাকার অদূরে পুবাইলে শুটিং চলছে এ সিনেমার। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সজলের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন স্নিগ্ধা।
সিনেমাটি প্রযোজনা করেছেন মোহাম্মদ কুদরুত-ই-খুদা ও জাহিদ হোসেন। সজলের সঙ্গে সুবর্ণভূমি সিনেমায়ও দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, ওমর সানী, স্নিগ্ধা, শবনম পারভীন, শাওন আশরাফ, কানিজ সুবর্ণা, সিনহাসহ আরো অনেকে।
নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে একচেটিয়া কাজ করছেন দুই দশকের বেশি সময় ধরে এ তারকা। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্য আর দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। টেলিভিশন পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন সজল। এখনো টেলিভিশন ও বড় পর্দায় সমান তালে কাজ করে চলেছেন তিনি। পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে এ তারকার—নাদের চৌধুরীর জ্বীন, হূদি হকের ১৯৭১ সেইসব দিন, উজ্জ্বল ও নবী পরিচালিত পাপড্যাডি, অনন্য মামুনের পরিচালনায় জাহানারা।










