দেশে জনপ্রিয় ব্যান্ড সোলস। ব্যান্ডটি ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় সোলস তাদের তৃতীয় গান ‘যদি দেখো’ ভিডিওসহ প্রকাশ করেছে। গানটি লিখেছেন সিডনি প্রবাসী ইফতেখার সুজন। সুর সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া।
যদি দেখো গানটি প্রসঙ্গে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন, ‘কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় শো করার সময় আমরা সিডনি প্রবাসী ইফতেখার সুজনের সঙ্গে গানটি তৈরি করি। আড্ডার ছলে গান হয়েছে, তাই আমরা নামকরণ করেছিলাম আড্ডাবাজি।’
আড্ডাবাজি প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘আমরা দেশে-বিদেশে কিছু মিউজিশিয়ান, গায়ক-গায়িকা ও গীতিকারদের সঙ্গে কাজ করেছি। এটি আমাদের প্রথম প্রয়াস। তাই এটা আড্ডাবাজি-০১।’
গানটির ভিডিও নিয়ে জানতে চাইলে পার্থ বলেন, ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও বাংলাদেশে ভিডিওটি একেবারেই অপেশাদারভাবে ধারণ করা হয়েছে। আমরা গান শোনাতে চাই, ভিডিও মুখ্য নয়।’
যদি দেখো ছাড়াও এর আগে কিতা বাইসাব ও রিক্সা শিরোনামে দুটি গান প্রকাশ হয়েছে। যদি দেখো গানটি সোলসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শকরা উপভোগ করতে পারবে।
নতুন গান প্রসঙ্গে জানতে চাইলে সোলসের সদস্যরা জানান, তাদের পরিকল্পনা আছে ১৫ দিন পরপর সোলসের নতুন গান ও ভিডিও প্রকাশ করার। সে কথা মাথায় রেখেই কাজ চলছে। এর আগে ব্যান্ড ‘সোলস’ তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করেছে বিশেষ গান ‘কিতা বাইসাব বালানি’। এটি সিলেট অঞ্চলের লোকপ্রিয় একটি গান। নতুন করে গানটির সংগীতায়োজন করেছে সোলস। ৫০ বছরের ইতিহাসে এবারই প্রথম চট্টগ্রামের বাইরে অন্য কোনো আঞ্চলিক গান নিয়ে হাজির হয়েছে দলটি।
১৯৭২ সালে পথচলা শুরু এ ব্যান্ডের। ১৯৭২-এ সাজেদ উল আলমের নেতৃত্বে কয়েকজন তরুণ সুরেলা নামের একটি ব্যান্ড শুরু করেন। ১৯৭৩ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় সোলস। সাজেদ, লুলু ও রনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। পরবর্তী সময়ে সোলসে যোগ দেন নকীব খান, পিলু খান, তপন চৌধুরী, নাসিম আলী খান, আইয়ুব বাচ্চু, রনি বড়ুয়া, নেওয়াজ, পার্থ বড়ুয়াসহ আরো অনেকে।










