কলকাতার মৈত্রী কনসার্টে গাইবে ঢাকার তিন ব্যান্ড মেঘদল, আফটারম্যাথ ও এ কে রাহুল। আজ ও আগামীকাল কলকাতার রবীন্দ্রভবনে বসছে এ কনসার্টের পঞ্চম আসর। আয়োজক বিপাশ সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
দুদিনে ঢাকা ও কলকাতার ১৪টি ব্যান্ড গান পরিবেশন করবে। এরই মধ্যে প্রথম দিনের হেডলাইন ব্যান্ড আফটারম্যাথ ও এ কে রাহুল গাইবে। দ্বিতীয় দিনের হেডলাইন ব্যান্ড মেঘদল। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রিতে ভালো সাড়া পাওয়ার কথা জানালেন বিপাশ। কনসার্টের দিন আরো টিকিট বিক্রির আশা করছেন তিনি।
২০১৯ সাল থেকে ঢাকা ও কলকাতার রক ব্যান্ড নিয়ে এ কনসার্টের আয়োজন করছে জেন নেক্সট। এর আগে এ কনসার্টে আর্টসেল, অ্যাভয়েড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্সের পরিবেশনা উপভোগ করেন কলকাতার দর্শকেরা।
এ বছর ব্যান্ডটির সঙ্গে মেঘদল ও এ কে রাহুল যুক্ত হয়েছে। মেঘদল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। হাওয়া সিনেমার টাইটেল ট্র্যাককে কেন্দ্র করে বর্তমানে তাদের এ জনপ্রিয়তা ছড়িয়েছে কলকাতায়ও। অন্যদিকে গত বছরের কনসার্টে আফটারম্যাথে অংশ নেয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তা হয়নি। কলকাতার মৈত্রী কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে ঢাকা ছেড়েছে তিন ব্যান্ডের সদস্য। দুদিন ব্যাপী কনসার্ট নিয়ে জানতে চাইলে উচ্ছ্বাস প্রকাশ করেছে ঢাকার তিন ব্যান্ডের সদস্য। আফটারম্যাথের ভোকাল নাভিদ ইফতেখার চৌধুরী বলেন, ‘বাংলা রক গান নিয়ে দুই বাংলার সবচেয়ে বড় আয়োজনে বাংলাদেশের তিনটি ব্যান্ডের অংশগ্রহণ অত্যন্ত সম্মানের। গত বছরও আমাদের মৈত্রী কনসার্টে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ভিসাসংক্রান্ত জটিলতায় আমরা যেতে পারিনি। এ বছর আমাদের আবার আমন্ত্রণ করার জন্য আমরা জেননেক্সট গ্রুপ ও কলকাতার শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ।
অন্যদিকে এ কে রাহুল সংগীত জগতের পরিচিত মুখ। ১৫ বছরের ক্যারিয়ারে গিটারিস্ট, ড্রামার ও সুরকার সব অঙ্গনেই কাজ করেছেন তিনি। তার প্রথম একক গান ‘উই আর ওয়ান’ প্রকাশের পর গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ওপার বাংলায়ও সাড়া ফেলেছে গানটি।
এ কনসার্টে ঢাকার ব্যান্ডের পাশাপাশি কলকাতার ব্যান্ডের মধ্যে হেডলাইন ব্যান্ড হিসেবে থাকছে কালপুরুষ, মিসিং লিঙ্ক, ব্লাড। গত মার্চ ও এপ্রিলে কলকাতার মঞ্চে গান পরিবেশন করেছে ঢাকার চার ব্যান্ড মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ, অ্যাশেজ ও সোনার বাংলা সার্কাস।










