আরিয়ান খান শুরু করেছেন তার নিজস্ব ব্র্যান্ড। ডিয়াভল নামের এ ব্র্যান্ডের মডেল হয়েছেন শাহরুখ খান। প্রথম প্রমো থেকেই দর্শক ও ক্রেতারা অপেক্ষা করছিলেন ডিয়াভলের জন্য। রোববার এ ব্র্যান্ড তাদের লিমিটেড এডিশন জ্যাকেট উন্মুক্ত করে। ৩০টি জ্যাকেট ছিল তাদের কালেকশনে। শাহরুখ খানের অটোগ্রাফ দেয়া একেকটি জ্যাকেটের দাম ছিল দুই লাখ রুপি। দুর্মূল্য হওয়া সত্ত্বেও জ্যাকেটগুলো কয়েক মিনিটেই বিক্রি হয়ে যায়। রোববার শাহরুখ তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘দ্রুত সাড়া দেয়ার জন্য ধন্যবাদ। আমাদের সব প্রডাক্ট বিক্রি হয়ে গেছে। আমাদের সঙ্গেই থাকুন।’
জ্যাকেটের পাশাপাশি চাহিদা ছিল টিশার্টেরও। অত্যধিক দাম হওয়া সত্ত্বেও ক্রেতা ও ভক্তরা আগ্রহ দেখিয়েছেন। এতটাই চাহিদা ছিল যে কিছুক্ষণের জন্য সাইট বন্ধ হয়ে যায়। একেকটি টিশার্টের দাম ছিল ২৫-৪৭ হাজার রুপি। এ নিয়ে অবশ্য বিদ্রুপও করা হয়েছে পিতা-পুত্রকে।
বিদ্রুপ যতই হোক না কেন জ্যাকেট নিয়ে শাহরুখ-ভক্তদের আগ্রহের অন্ত নেই। একজন লিখেছেন, ‘মাত্র ৩০টি জ্যাকেট, তাও আবার অটোগ্রাফ করা। এগুলো অবশ্যই সংগ্রহ করার মতো।’ এর আগে ‘বাজার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে আরিয়ান বলেন, ‘লঞ্চের আগেই অনেকে বলেছেন, তাদের জন্য যেন কয়েকটি জ্যাকেট আলাদা করে রাখা হয়। আমি তাদের জন্য সেটা করার চেষ্টা করছি।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










