অস্কারজয়ী নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো তার দশম সিনেমা নিয়ে কাজ শুরু করেছেন। আর তার ঘোষণা অনুযায়ী এটিই হবে তার নির্মিত শেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। 

শিগগিরই টারান্টিনো তার নতুন ছবির চিত্রনাট্য পড়ার জন্য প্রযোজকদের আমন্ত্রণ জানাবেন। তার শেষ সিনেমা ওয়ানস আপন আ টাইম ইন হলিউডের মতো একই ধরনের চুক্তি করতে চাইছেন টারান্টিনো। সে অনুযায়ী চুক্তির বড় দুটি শর্ত হবে এমন—প্রথমত, সিনেমাটি অবশ্যই প্রেক্ষাগৃহে মুক্তি দিতে হবে। আর চলচ্চিত্রের স্বত্ব থাকবে তার নামে। উল্লেখ্য, ওয়ানস আপন আ টাইম ইন হলিউডের ক্ষেত্রে সনি পিকচারসের সঙ্গে টারান্টিনোর চুক্তিটি এমন, সিনেমা মুক্তির ২০ বছর পর স্বত্ব তার হয়ে যাবে।

টারান্টিনোর চিত্রনাট্য পড়ার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এজন্য বেশ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। ওয়ানস আপন আ টাইম ইন হলিউডের চিত্রনাট্য আগ্রহী স্টুডিও নির্বাহীরা বেভারলি হিলে টারান্টিনোর এজেন্টের অফিসে বসে পড়েছিলেন। এবারো সে রকম আয়োজন হবে। এ রকম সতর্কতা নেয়া হয় ২০১৫ সালে দ্য হেটফুল এইট সিনেমার চিত্রনাট্য ফাঁস হওয়ার পর থেকে।

হলিউড রিপোর্টারের প্রতিবেদন মতে, টারান্টিনোর নতুন ছবির নাম হতে পারে দ্য মুভি ক্রিটিক। অবশ্য বিভিন্ন সূত্র বলছে, এটি একটি প্রাথমিক নাম, যা বদলে যেতে পারে। সিনেমাটি নারীকেন্দ্রিক। অর্থাৎ একজন অভিনেত্রী থাকবেন সিনেমার মূল চরিত্রে। ধারণা করা হচ্ছে বিখ্যাত সিনেমা সমালোচক পলিন কায়েলের জীবনকে উপজীব্য করে সিনেমাটি নির্মাণ করবেন টারান্টিনো। 

নিজের দশম সিনেমা কেন তার শেষ সিনেমা হবে, এমন প্রশ্নের জবাব টারান্টিনো বেশ অনেকদিন আগেই দিয়ে রেখেছেন। তার কথায় তিনি সৃষ্টিশীলতার তুঙ্গে থাকতেই বিদায় নিতে চান। তার মতে, অনেক বড় পরিচালক শেষ জীবনে আর ভালো সিনেমা নির্মাণ করতে পারেননি। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আর নির্মাণ না করলেও অবসরে যাচ্ছেন না তিনি। যেমন তার পরিকল্পনায় আছে আট পর্বের একটি টিভি সিরিজ নির্মাণ। এদিকে টারান্টিনো গত বছর সিনেমা স্পেকুলেশন নামে একটি বই লিখেছেন।

সূত্র: ভ্যারাইটি