সময়ের সঙ্গে বাড়ছে ওটিটি প্লাটফর্মের দর্শক সংখ্যা। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। দর্শকের কথা মাথায় রেখে অ্যাকশন থ্রিলার সিরিজ ‘‌মিশন হান্টডাউন’ নিয়ে আসছে ওটিটি প্লাটফর্ম হইচই। ঈদ উপলক্ষে ২৮ জুন রিলিজ পাবে সিরিজটি। অ্যাকশন থ্রিলার সিরিজটিতে বিদ্যা সিনহা সাহা মিম ও এফএস নাঈমকে দেখা যাবে ভিন্নভাবে। মিশন হান্টডাউন সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। এরই মধ্যে প্রকাশ হয়েছে ওয়েব সিরিজটির ট্রেলার, যেটি নেটিজেনদের প্রশংসা পাচ্ছে। এতে মাহিদ চরিত্রে এফএস নাঈম ও নীরা চরিত্রে বিদ্যা সিনহা মিম অভিনয় করেছেন। 

এ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো হইচইয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। ট্রেলারের দর্শক প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‌ ট্রেলারে দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি অত্যন্ত অভিভূত। আশা করি, দর্শকরা তাদের এ ভালোবাসা সিরিজটি রিলিজের পরও দেখাবেন। এবারই প্রথম আমি অভিনয় করেছি হইচই অরিজিনাল সিরিজে। হইচইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আর পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ আমাকে ঠিক এমন একটি জটিল চরিত্রকে জীবন্ত করার চ্যালেঞ্জ দিয়েছেন।’ 

অন্যদিকে বর্তমান সময়ে ছোট পর্দার পাশাপাশি নিয়মিত ওয়েব মাধ্যমে দেখা যাচ্ছে নাঈমকে। কিছুদিন আগেই হইচইয়ের জনপ্রিয় সিরিজ কারাগারে অভিনয় করে প্রশংসা পান নাঈম। এবার তিনি মিশন হান্টডাউনে আসছেন মাহিদ হয়ে। চরিত্রটিতে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে এফএস নাঈম বলেন, ‘‌মিশন হান্টডাউনে অভিনয় করা আর বাকি অন্য যেকোনো প্রজেক্টে অভিনয় করার অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। এটি ছিল আমার কাছে এক সাধনা। আমি গত চার মাস মাহিদ চরিত্রটির মধ্যে বাস করছি। এ চরিত্রে কাজ করার সুযোগটি আমার জন্য সত্যি অন্যরকম । আমার ওপর বিশ্বাস রাখার জন্য আমি হইচই ও এ সিরিজের নির্মাতার কাছে খুবই কৃতজ্ঞ। প্রথমবারের মতো আমি কোনো সিরিজের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। আমি নিজের সেরাটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। এখন বাকিটা দর্শকদের ওপর নির্ভর করছে।’

সিরিজটি নিয়ে নির্মাতা সানী সানোয়ার বলেন, ‘‌অ্যাকশন-থ্রিলারের মতো জনপ্রিয় ধারায় একটি ওয়েব সিরিজ নির্মাণের জন্য এক্সপেরিয়েন্সড টিম ও সহায়ক বাজেটের দরকার হয়। আমাদের দেশে এ দুটোরই অভাব রয়েছে। হইচইকে ধন্যবাদ, তারা আমাদের এমন একটি সিরিজ তৈরি করতে সব ধরনের সহযোগিতা করেছে। আমার বিশ্বাস অডিয়েন্স মিশন হান্টডাউন-এর মতো একটি সুন্দর গল্পের ভিন্নধর্মী উপস্থাপন উপভোগ করবেন।’

‘‌মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, এ কে আজাদ সেতু ও সরকার রওনক রিপন।

ওয়েব সিরিজটির গল্প নিয়ে জানতে চাইলে নির্মাতা জানান, এতে এটিএসের (অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড) প্রধান মাহিদের গল্পের পাশাপাশি দেখানো হয় গ্রামের এক সাধারণ মেয়ে নীরাকে। নীরা তার সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে ঢাকায় আসে। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা একসঙ্গে নীরার নিখোঁজ স্বামীকে খুঁজে পেতে মিশন শুরু করে। মিশন শুরু করার পর তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন এ দেশে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন এক মোড় নেয়। 

চলতি বছরের মার্চে ওয়েব সিরিজটির ক্যারেক্টার লুক প্রকাশ করা হয়। যাতে একেবারেই ভিন্নভাবে দেখা যায় মিম ও নাঈমকে। প্রায় ৩ মিনিটের ট্রেলারটিতে ছিল রহস্যের জট। রহস্যের বেড়াজাল ভেদ করে কী সামনে নিয়ে আসে সিরিজটি, সেটাই দেখার পালা এবার।