পর্দার জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম ও মনোজ প্রামাণিক। দর্শক এবার ঈদে এ দুই তারকাকে একসঙ্গে দেখতে চলেছে। নাট্যনির্মাতা জামাল মল্লিকের পরিচালনায় প্রথমবারের মতো ফিচার ফিল্ম ‘চেহারা’য় অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, তার বিপরীতে থাকছেন মনোজ প্রামাণিক। এরই মধ্যে রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদে দীপ্ত টিভিতে প্রচারিত হবে চেহারা।
ক্যারিয়ারের শুরুতে বিদ্যা সিনহা মিম অমিতাভ রেজার নির্দেশনায় একটি নাটকে কাজ করেছিলেন। নাটকটিতে অমিতাভ রেজার সহকারী পরিচালক ছিলেন মনোজ প্রামাণিক। এবারে পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন এ দুই তারকা।
মনোজ প্রামাণিক বলেন, ‘বিদ্যা
সিনহা মিমের সঙ্গে যখন সহকারী পরিচালক হিসেবে কাজ করি, তখন মিডিয়ায় আমি একদম নতুন। অন্যদিকে মিম নতুন হলেও লাক্স চ্যানেল আই সুপারস্টার। সে সময়ে মিমের সঙ্গে আমার কথা না হলেও আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। তখন দেখেছি ভালো কাজ করার একটা আকাঙ্ক্ষা মিমের মধ্যে ছিল। ওই সময়ে তিনি একজন তারকা আর আমি একজন সহকারী ব্যাপারটা আমার মধ্য কাজ করছিল। এখন কাজ করতে এসে মনে হয়েছে মিম আমার ভালো বন্ধু, যাকে আমি আগে থেকেই চিনি। আমাদের আগের যে কাজ করার একটা অভিজ্ঞতা আছে, এটা ভেবে ভালো লাগছে। মিম কাজের প্রতি অনেক একনিষ্ঠ ও সৎ। আগে কাজ করা হলেও কথা হয়নি, তবে এবার আমাদের অনেক কথা হয়েছে, বলা যায় আমরা এখন বন্ধু।’
বর্তমানে ভিন্ন ধারার কাজ করেন মনোজ প্রামাণিক। এ নিয়ে জানতে চাওয়া হলে এ তারকা বলেন, ‘আমি
যে সবসময় ভিন্ন ধারার কাজ করি এমন না। হতে পারে ভিন্ন ধারার কাজ আমাকে পছন্দ করে। আমি কাজগুলো করার সময় একটু অন্যরকম গল্পে কাজ করতে চেষ্টা করি। চেহারা গল্পটাও অন্যরকম। এখানে আমি প্রথমবার অন্ধের চরিত্রে অভিনয় করছি। আমরা ভালো করতে চেষ্টা করেছি। দেখা যাক এটা এবার কেমন হয়।’
বর্তমানে কাজের ব্যস্ততা নিয়ে এ তারকা জানান, ‘এবার
টেলিভিশনের জন্য কিছু নাটকে কাজ করেছি। আপাতত ওটিটি ও সিনেমার নতুন কোনো কাজ করছি না, তবে পরিকল্পনা চলছে। আশা করছি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো শিগগির পর্দায় আসবে।’
বিদ্যা সিনহা মিম বলেন, ‘এর আগে জামাল মল্লিক ভাইয়ের পরিচালনায় অনামিকা নাটকে অভিনয় করেছিলাম। অনেক দিন পর এবার একটি ফিচার ফিল্মে অভিনয় করেছি। মূলত গল্প ও আমার চরিত্রটি ভীষণ ভালো লেগেছে। মনোজ ভাই ভালো অভিনয় করেন। যারা ভলো কাজ করেন তাদের সঙ্গে কাজ করাটা সহজ। ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করলে আমি নিজেও তাদের কাছ থেকে অভিনয় শিখতে পারি।’










