আর মাত্র এক সপ্তাহ পার হলেই ঈদ। এবারের ঈদকে ঘিরে ব্যস্ততার কথা জানালেন ছোট পর্দার পরিচিত মুখ যাহের আলভী। বর্তমানে ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কয়েকটি নাটকের শুটিং শেষ হয়েছে বলেও জানালেন। ঈদের নাটক নিয়ে জানতে চাইলে আলভি বলেন, ‘‌আগে আমার অনেক নাটক যেকোনো উৎসবে প্রচার হতো। এখন আমি গল্প দেখে নাটক করি, তাই কাজের সংখ্যা কমে গেছে। কাজ কম হলেও আমার কষ্ট নেই। কারণ এখন যে কাজগুলো করছি, সেগুলোর গল্প অসাধারণ। দর্শক আমাকে ভিন্নভাবে ভিন্ন জনরার গল্পে পাচ্ছে। এর আগেও যে কাজগুলো প্রচার হয়েছে, সেগুলোয় খুব ভালো প্রশংসা পেয়েছি।’

কেবল ঈদ নয় যেকোনো উৎসবেই বিনোদন পাড়ায় নানা আয়োজন থাকে। এসব আয়োজন নিয়ে দর্শক মহলেও চলে নানা আলোচনা-সমালোচনা। গঠনমূলক সমালোচনা নিয়ে কথা বলতে গেলে আলভি বলেন, ‘‌আমি বরাবর গঠনমূলক সমালোচনা পছন্দ করি। কারণ যারা আমার কাজের ভালো খারাপ দিকগুলো বলে, আমার সেটা ভালোই লাগে। আমি চাই, আমার কাজের সমালোচনা করুন। তাহলে আমার জন্য সুবিধা হবে পরবর্তী কাজে ভুলগুলো ঠিক করে নিতে।’ আসন্ন ঈদুল আজহায় তার কাজ নিয়ে জানান, এবারের ঈদে তার করা নাটকসংখ্যা প্রায় ১২টার মতো। এর মধ্যে  উল্লেখযোগ্য নাটক হলো কফি বয়, বুকটা জুড়ে বাবা, ভাই চাপে আছে, পিরিতের পেত্নি ভালো, বেয়াইন আমার ক্রাশ, কোরিয়ান বয়ফ্রেন্ড, বউ মানে ঝাল।