তারিক মুহাম্মাদ হাসানের রচনা ও পরিচালনায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গোল্ডেন সিক্স’। এতে অভিনয় করছেন ক্রিকেটার আশরাফুল। তার সঙ্গে থাকছেন জাতীয় মহিলা ক্রিকেট দলের জাহানারা আলম ও সাবেক আরেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শিমুলতলী গ্রামের প্রেক্ষাপটে রচিত এ নাটকের গল্প।
শিমুলতলীর হাসান মাটি খুঁড়তে গিয়ে পায় বাক্সভর্তি স্বর্ণের বার। কিন্তু তা জেনে ফেলে গ্রামের ধুরন্ধর ব্যবসায়ী সদরুলের কর্মচারী রূপচাঁদ। প্রাপ্ত গুপ্তধন রক্ষা করতে বাক্সটা নিয়ে চলে যায় হাসান। অলঙ্কারের দোকানদার শফিক চাচা ও গোলাপের সহায়তায় সে যাত্রায় গুপ্তধনটা রক্ষা করতে পারে হাসান। গ্রামের সবাই জানে হাসান নকল গুপ্তধন পেয়ে পুলিশকে দিয়ে দিয়েছে।
এদিকে গুপ্তধন পেয়ে হাসান এবার নতুন জীবনের স্বপ্ন দেখে। হাসান তার মা ও এলাকার সবাইকে জানায়, সে ঢাকা যাচ্ছে চাকরির খোঁজে।
কিন্তু ঢাকায় গিয়েও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যায় সে। ট্রেনে পরিচিত হওয়া পলির সঙ্গে ব্যাগ বদল হয় হাসানের। কিন্তু কেবলই কি হঠাৎ বদল নাকি এর পেছনে আছে কোনো ষড়যন্ত্র। এরপর বন্ধুর সহায়তা নিয়ে স্বর্ণের বার বিক্রি করার চেষ্টা করে হাসান।
এ রকম নানা ঘটনার মধ্য দিয়ে যেতে হয় হাসানকে। এ সবকিছু নিয়েই এগোয় গোল্ডেন সিক্স নাটকের গল্প। এ নাটকেই জাভেদ নামে একটি চরিত্রে অভিনয় করছেন আশরাফুল। জাহান চরিত্রে আছেন জাহানারা আলম ও শাহেদের চরিত্রে হাসিবুল হোসেন শান্ত। আজ থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় প্রচারিত হবে।










