বর্তমানে ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। উপস্থাপনা দিয়েই শুরু হয়েছিল নুসরাত ফারিয়ার ক্যারিয়ার। অভিনয়ের নেশায় নিজেকে নিয়ে গেছেন এক অনন্য মাত্রায়। যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এখানেই সীমাবদ্ধ নেই তিনি। ঢালিউডের পাশাপাশি কলকাতার সিনেমায়ও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি ভারতীয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম জি ফাইভে নুসরাত ফারিয়ার অভিনীত ‘যদি কিন্তু তবু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। বেশ আলোচিত হয়েছে তাদের অভিনীত সিনেমাটি।

তবে নতুন খবর দিলেন নুসরাত ফারিয়া। দীর্ঘদিন পর ফের উপস্থাপনায় দেখা যাবে তাকে। অনুষ্ঠানটির নাম ‘কুইক রেসিপি’। সম্প্রতি বনানীর একটি রেস্টুরেন্টে ‘কুইক রেসিপি’ অনুষ্ঠানটির শুটিং শেষ করেছেন ফারিয়া। জানা গেছে, নুসরাত ফারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত একসঙ্গে দেশের চারটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার কাজ শেষ করেছেন ফারিয়া। সিনেমাটি পরিচালনা করছেন ভারতের পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।