আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে রাফিদ আল জহুর ও পিরান বাংলাদেশ আয়োজিত ফ্যাশন ফটোগ্রাফি প্রদর্শনী চলছে। ‘‌নিডেল, থ্রেড অ্যান্ড স্প্ল্যাশ অব ওয়াটার’ শীর্ষক ফ্যাশন ফটোগ্রাফি প্রদর্শনীটির উদ্বোধন শুরু হয়েছে গতকাল বিকাল সাড়ে ৫টায়। এ সময় উপস্থিত ছিলেন বিবিয়ানার সহপ্রতিষ্ঠাতা লিপি খন্দকার, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সাধারণ সম্পাদক এসকে সাইফুর রহমান ও মেকআপ শিল্পী বাপন রহমান।

প্রদর্শনীটি মূলত দ্রুত নগরায়ণের কারণে পরিবর্তনশীল বেরাইদ সম্প্রদায়ের জীবন, স্বপ্ন, আশা ও সংগ্রামকে পিরান বাংলাদেশের ফ্যাশন সংগ্রহের যাত্রা ও ডকুমেন্টারি ফটোগ্রাফার রাফিদ আল জহুরের শক্তিশালী ছবির গল্পের মাধ্যমে একত্র করে। এটি বেরাইদ সম্প্রদায়ের নারীদের অদম্য চেতনা উদযাপন করে। জীবনে প্রথমবারের মতো, ২২ জন মহিলা কারিগর তাদের গল্প বুনেছেন ১৫টি পোশাকের একটি ফ্যাশন সংগ্রহে। শুধু তাই নয়, তারা এ সংগ্রহ নিয়ে পরে একটি ফ্যাশন শোয়েও অংশগ্রহণ করবেন।

পিরান বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ডিজাইনার জারিন তাসনিম রেজা জানান, পিরান বাংলাদেশের নিজস্ব একটি যাত্রা ছিল বেরাইদের কারিগরদের সঙ্গে। তিনি ছয় মাস ধরে নিরলসভাবে আটটি ওয়ার্কশপে বেরাইদের কারিগরদের সঙ্গে নকশা প্রক্রিয়া, রঙ তত্ত্ব, অ্যাপ্লিক কৌশল, হাতে বুনন ও সেলাই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা নিয়ে কাজ করেছেন। ডকুমেন্টারি ফটোগ্রাফার রাফিদ আল জহুর পুরো গল্পটি এবং এ সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা ও রূপান্তর ক্যাপচার করেছেন। ছবির এ গল্প বেরাইদের বাসিন্দাদের জীবন ও আকাঙ্ক্ষা এবং পরিবর্তিত শহুরে ল্যান্ডস্কেপের মধ্যে তাদের জীবনের চ্যালেঞ্জ ও সাফল্যের ওপর আলোকপাত করে। এটি বেরাইদ বস্তি সম্প্রদায়ের কারিগরদের কারুকার্যই উদযাপন করে না বরং বিভিন্ন প্লাটফর্মে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করার লক্ষ্য রাখে। প্রদর্শনীটি চলবে ১৪ আগস্ট পর্যন্ত।