‘প্রকৃতিই নারী, নারীই প্রকৃতি’
স্লোগানে শুরু হয়েছে ২০২১ সালের মিস আর্থ বাংলাদেশের আসর। এবারের আসরে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্সের ডারমাটোলজি ব্র্যান্ড বায়োডার্মা। গতকাল রাজধানীর সাতমসজিদ রোডের বায়োডার্মার প্রধান কার্যালয়ে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। মিস আর্থ বাংলাদেশের প্রধান উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন বলেন, ‘মিস আর্থ বাংলাদেশের উদ্দেশ্য প্রতিযোগীদের শুধু মডেল বা অভিনেত্রী বানানো নয়, বরং ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে পরিবার, সমাজ ও দেশের মধ্যে তাদের নিজের একটি আলাদা পরিচয় তৈরি করাই মূল উদ্দেশ্য।’
বায়োডার্মার ডিজিএম শাহরিয়ার আরেফিন বলেন, আমার কাছে মিস আর্থ বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য টেকসই, প্রকৃতিবান্ধব ও যুগোপযোগী বলে মনে হয়েছে। বায়োডার্মা নারীর শক্তিতে বিশ্বাসী। আমরা এর সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। আশা করি, আগ্রহী তরুণীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠবে মিস আর্থ বাংলাদেশ ২০২১।
উল্লেখ্য, ২০-৩০ মার্চ পর্যন্ত মিস আর্থ বাংলাদেশের ফেসবুক পেজে চলবে রেজিস্ট্রেশন রাউন্ড। ৩০ জন প্রতিযোগীকে নিয়ে এপ্রিলের মধ্যভাগের আগেই শেষ হবে প্রাথমিক গ্রুমিং রাউন্ড। এপ্রিল-মেজুড়ে ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হবে ফেসবুক ইনফ্লুয়েন্সিং রাউন্ড। ঈদের পর ট্রেজার হান্ট, ফান গেম, ফ্যাশন ফিল্ম ও ইলিমিনেশন রাউন্ড। আগামী ১ জুন গ্র্যান্ড ক্রাউন ইভেন্ট দিয়ে শেষ হবে এবারের আসর।










