বিশ্বখ্যাত বাস্কেটবল লিগ এনবিএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউডের তারকা রণবীর সিং। বিশ্বে বাস্কেটবলের সবচেয়ে প্রভাবশালী আয়োজন উত্তর আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ)।  বাস্কেটবলের জনপ্রিয়তা বাড়াতে দুনিয়ার বিভিন্ন প্রান্তের জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে এনবিএ। রণবীর আনন্দের সঙ্গেই এনবিএর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের পর রণবীর সিং বলেছেন, ‘আমি ছোটবেলা থেকেই বাস্কেটবলের ভক্ত। সংগীত, ফ্যাশন ও বিনোদনের মতো এটাও আমি ভালোবাসি। এটা বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ খেলা এবং এনবিএর তারকরা বহু বছর ধরে পপ কালচারকে প্রভাবিত করছেন। এনবিএর মাইকেল জর্ডান থেকে অ্যালান এলভারসন ও লিবর্ন জেমস ভক্ত এবং খেলোয়াড়দের মধ্যে একটা বিশেষ সংস্কৃতি গড়ে তুলেছেন। কোর্টের বাইরে ও ভেতরের খেলোয়াড়রা বাস্কেটবলে অনেক প্রভাব ফেলেন এবং এটা আমার খুব পছন্দের।’ 

বলিউড তারকা আরো বলেন, ‘বাস্কেটবল খেলায় একটা আগুন থাকে, এর দারুণ সূক্ষ্ম দিকও আছে। এগুলোই দর্শকদের টানে, যা খুব কম খেলার ক্ষেত্রেই দেখা যায়। ভারত ও বিশ্বের অন্যান্য প্রান্তে বাস্কেটবলের জনপ্রিয়তা বাড়ছে। এমন অবস্থায় ভারতে এনবিএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার। এ দায়িত্ব আমাকে ভারতে বাস্কেটবলের প্রতি দর্শকদের ভালোবাসা ছড়িয়ে দিতে সাহায্য করবে।’

এ বিষয়ে এনবিএর সহকারী কমিশনার ও চিপ অপারেটিং অফিসার মার্ক টেটাম বলেন, ‘তরুণ প্রজন্মের অন্যতম সেরা তারকা ও বলিউড আইকন রণবীর সিং। তিনি বরাবরই লিগের খেলোয়াড়দের প্রতি প্যাশনেট।  এ তারকার সঙ্গে কাজ করতে আমি আগ্রহী, কারণ তার মাধ্যমে আমরা ভারতীয় ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারব।’ 

সংগঠনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর স্কট লেভি বলেন, ‘বাস্কেটবলকে নতুন করে তরুণদের সামনে আনার জন্য রণবীর এক আদর্শ অ্যাম্বাসেডর। আমাদের ইনস্টাগ্রামে বাস্কেটবল ও সংস্কৃতি নিয়ে নতুন নতুন বিষয় যুক্ত হবে।’

আগামী বছর ক্লিভল্যান্ডে এনবিএ অল স্টারে অংশ নেবেন রণবীর। যেখানে তিনি কোর্টের বাইরের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন এবং এনবিএর খেলোয়াড় ও লিজেন্ডদের সঙ্গে দেখা করবেন। এর আগে ২০১৬ সালে রণবীর কানাডার টরন্টোতে এনবিএ অল স্টারে অংশ নিয়েছিলেন। সেখানে ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসেছিলেন।

যুক্তরাষ্ট্রে বাস্কেটবল জনপ্রিয় হলেও ভারতবর্ষে এর জনপ্রিয়তা খুব কম। এর আগে বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা বাড়াতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আফ্রিকান এনবিএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল। 

 

সূত্র: পিংকভিলা