কয়েক মাস ধরেই ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজি
নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি তৃতীয় কিস্তির ঘোষণায় দেখা যায়, অভিনেতা তালিকায়
অনেক পরিবর্তন এসেছে। অক্ষয় কুমারের সঙ্গে যুক্ত হচ্ছেন আরশাদ ওয়ার্সি ও সুনীল শেঠি।
তবে তালিকায় রাভিনা ট্যান্ডনের নাম হতে যাচ্ছে বড় চমক। এমন আভাস দিয়েছে বলিউড হাঙ্গামা।
অবশ্য ‘ওয়েলকাম থ্রি’তে কারা অভিনয়
করতে যাচ্ছেন তা সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি এখনো।
সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায়,
রাভিনা ট্যান্ডনকে এই কমেডি সিনেমার অন্যতম মুখ্য চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়েছে।
খবর সত্য হলে অক্ষয়-রাভিনা জুটিকে প্রায় দুই দশক পর আবার পর্দায় দেখতে পাবেন দর্শক।
নব্বই দশকের বলিউডে অন্যতম জনপ্রিয়
জুটি ছিলেন তারা। মোহরা, বারুদ, খিলারি কা খিলাড়িসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।
এ জুটির ‘টিপ টিপ বরষা পানি’ গত বছর নতুন করে আলোচনা তুলেছিল।
অক্ষয় ও রাভিনা তাদের ক্যারিয়ারের শীর্ষ
মুহূর্তে সম্পর্কে জড়ান, বিয়ের কথাও চলছিল। সেই সম্পর্ক ভাঙার পর অক্ষয়ের বিরুদ্ধে
প্রতারণার অভিযোগ আনেন রাভিনা।
পরবর্তীতে ব্যবসায়ী অনিল থাদানিকে বিয়ে
করেন রাভিনা, তাদের দুই সন্তান রয়েছে। অন্যদিকে সাবেক বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না
ও অক্ষয়ের সংসারেও রয়েছে দুই সন্তান।
জানা গেছে, ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির
তৃতীয় এ কিস্তির নাম ‘ওয়েলকাম টু জঙ্গল’। অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবিটি আগামী বছরের
বড়দিনে মুক্তি পাবে।
অক্ষয় এখন বলিউডের অন্যতম তারকা, অন্যদিকে
রাভিনা অভিনয়ে অনেকটা অনিয়মিত। কয়েক বছরে অল্প কয়েকটি ওয়েব সিরিজ ও সিনেমায় দেখা গেছে
তাকে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘আরণ্যক’ ও ‘কেজিএফ টু’। আর অক্ষয় কুমার হাতভর্তি সিনেমা
নিয়ে ব্যস্ত। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ওএমজি টু’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে।










