ভিকি জাহেদের দর্শকপ্রিয় নাটক ‘পুনর্জন্ম’। ডার্ক-থ্রিলার ও সাসপেন্সে ভরা এ নাটক সব শ্রেণীর দর্শকের মন জয় করেছে। নাটকটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এর প্রথম কিস্তি প্রচারের পর দর্শক নাটকটির পরবর্তী অংশ আনার দাবি রাখে। এরপর আসে ‘পুনর্জন্ম ২’। সব মিলিয়ে নাটকটির তিন কিস্তি দর্শক মহলে সাড়া ফেলেছে। এর মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এরই মধ্যে প্রকাশিত হলো ‘পুনর্জন্ম’-এর অন্তিম পর্বের ট্রেলার। দর্শকপ্রিয় নাটকটির অন্তিম পর্ব আসছে ঈদুল আজহায়। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেখা যাবে বহুল প্রতীক্ষিত নাটকটির অন্তিম পর্ব।
ঈদের দ্বিতীয় দিনে দুই অংশে দেখা যাবে ‘পুনর্জন্ম’-এর অন্তিম পর্ব। প্রথম অংশ রাত ৭টা ৫০ মিনিটে এবং একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে দ্বিতীয় অংশ।
‘পুনর্জন্ম ৩’-এর গল্প যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই ‘পুনর্জন্ম’-এর অন্তিম পর্বের গল্প শুরু হবে। অন্তিম পর্বের ট্রেলার এরই মধ্য নেটিজেনদের প্রশংসা পাচ্ছে। ট্রেলারে ‘পুনর্জন্ম’-এর সবার দেখা মিলেছে। রাফসান হকের সত্য উন্মোচনে রোকেয়া, মঞ্জু, নুরু এবং তদন্ত করতে আসা পুলিশের তৎপরতা নজরে এসেছে ট্রেলারে। রাফসান হকের পরিণতি কোন দিকে যায় তা জানার জন্য অপেক্ষা করতে হবে ‘পুনর্জন্ম’-এর অন্তিম পর্ব পর্যন্ত।
২০২১ সালের জুলাইতে পুনর্জন্ম নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় পুনর্জন্ম ২। নাটকে আফরান নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ, খায়রুল বাসার ও আব্দুল্লাহ সেন্টুসহ অনেকে।










