আগামী ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির চমকানো সব বিষয়ের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। ইত্যাদির প্রতিটি গানই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নতুন কথা, নতুন সুরে তৈরি করা হয় বলে প্রতিটি গানই হয় বৈচিত্র্যময় ও আলাদা স্বাদের। অর্থাৎ ইত্যাদিতে প্রচারিত গান মানেই নতুন গান, মানসম্পন্ন গান। আর তাই দর্শক এসব গানে খুঁজে পায় নতুনত্ব।
ঈদের ইত্যাদির এ ‘দেশের গানটি’তে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনসহ পাঁচজন জনপ্রিয় সংগীত তারকা। তারা হলেন রবি চৌধুরী, শুভ্রদেব, এসআই টুটুল ও বাপ্পা মজুমদার।
গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। গানটির চিত্রায়ণে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে ট্রমা ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী। গানটির চিত্রায়ণ, কথা ও সুরের ভিন্নতা, শিল্পীদের অসাধারণ পরিবেশনা, শিক্ষার্থীদের চমকপ্রদ কোরিওগ্রাফি আর স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি—সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্ন রকম আবহ সৃষ্টি করেছে, এনেছে ভিন্নমাত্রা।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।










